নির্বাচনের গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিন ল্যাম্বার্ট
জিন ল্যাম্বার্ট

বাংলাদেশে ভবিষ্যতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে একটি গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া-বিষয়ক প্রতিনিধিদল। তবে এ পদ্ধতি ঠিক করতে ইউরোপীয় পার্লামেন্ট কোনো সুপারিশ করবে না। বাংলাদেশের জনগণকেই এটা ঠিক করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিমত দেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক-বিষয়ক প্রতিনিধিদল বা ডিএসএএসের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট।
সংবাদ সম্মেলনে জিন ল্যাম্বার্ট গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। পাশাপাশি ব্লগার হত্যার নিবিড় তদন্তের ওপরও গুরুত্বারোপ করেছেন। জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদল ১০ ফেব্রুয়ারি থেকে তিন দিনের সফরে বাংলাদেশে আসে। সফর শেষে আয়োজিত গতকালের এ সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু উপস্থিত ছিলেন।
জিন ল্যাম্বার্ট বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে নির্বাচনের বেশ আগেভাগেই একটি প্রক্রিয়া নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। তবে ওই প্রক্রিয়ার ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্ট কিংবা অন্য কেউ কোনো সুপারিশ করবে না, বাংলাদেশকেই এটি ঠিক করতে হবে।
জিন ল্যাম্বার্ট বলেন, আলোচনায় কেউ কেউ একটি সরকারের মেয়াদ শেষে নতুন আরেকটি সরকার দায়িত্ব নেওয়ার আগে অন্তর্বর্তীকালীন কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, এ নিয়েও কথা বলেছেন। নির্বাচনের বেশ আগেই এ বিষয়টির সুরাহা হতে হবে। নির্বাচনের দুই থেকে তিন সপ্তাহ আগে এটি চূড়ান্ত করলে চলবে না। যত আগে এ নিয়ে সিদ্ধান্ত হবে, ততই মঙ্গল। এ প্রক্রিয়া শুধু রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবে না। এর সঙ্গে যুক্ত অন্য পক্ষগুলোকে নিয়ে বাংলাদেশের জনগণকেই এটা ঠিক করতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এ বিষয়টি আসেনি বলে তিনি জানান।
নির্বাচনের প্রক্রিয়া কত আগে ঠিক করা উচিত—এ প্রশ্নের জবাবে জিন ল্যাম্বার্ট বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট কিংবা অন্য কেউ নয়, আপনাদেরই সিদ্ধান্তটা নিতে হবে। তাই সময়টা কী হবে, সেটি নিয়ে সংসদে আলোচনা হতে পারে, নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয় এ নিয়ে আলোচনার সূত্রপাত করতে পারে। আগামী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত থাকতে হবে। যে প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং যেখানে অনেক দল অংশ নেওয়ার সুযোগ পাবে।’
সংবাদ সম্মেলনের পর প্রচারিত ইউরোপীয় পার্লামেন্টের এক বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জানতে চাইলে জিন ল্যাম্বার্ট বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে স্বাধীন গণমাধ্যম জরুরি। এখানে কয়েকটি পত্রিকার সম্পাদকের ক্ষেত্রে যা ঘটছে, তা নিয়ে আমাদের উদ্বেগ আছে। তবে এ ব্যাপারে বিস্তারিতভাবে কিছু বলতে চাই না।’
জিন ল্যাম্বার্ট আরও বলেন, ‘এ ধরনের ঘটনা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি, পোল্যান্ড, ইতালি যেখানেই হোক না কেন, ইউরোপীয় পার্লামেন্ট উদ্বেগ জানিয়ে থাকে। তবে আমরা এটা জানি যে গণমাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে রাজনীতিবিদেরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু আমরা মনে করি, রাজনীতিতে থাকার কারণে আমাদের এই মূল্যটা দিতে হয়।’
বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলেছেন কি না, জানতে চাইলে প্রতিনিধিদলের প্রধান নেতিবাচক উত্তর দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের ৩০ মিনিটের আলোচনায় ব্লগার হত্যা, বাণিজ্য এবং সহিংস উগ্রবাদ নিয়ে কথা হয়েছে। সম্পাদকদের বিষয়ে কথা হয়নি। তবে সম্পাদকদের বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধিদলের আলোচনায় এসেছে।
জিন ল্যাম্বার্ট বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় ব্লগার হত্যা নিয়ে শুধু আমাদের উদ্বেগের কথাই বলিনি। ওই হত্যাকাণ্ডগুলোর শিকার হওয়া লোকজনের সঙ্গে কথা বলে নিবিড় তদন্ত অব্যাহত রাখার কথাও বলেছি। এটি হলে বাংলাদেশ ও সরকার যে মত প্রকাশের অধিকার সমুন্নত রাখাকে গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাই দেবে। গতিশীল গণতন্ত্রের স্বার্থে মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখাটা জরুরি।’
তিন দিনের এ সফরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তৈরি পোশাকশিল্পের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে।