নির্বাচনের চেয়ে নালিশেই খালেদা জিয়ার বেশি মনোযোগ: প্রধানমন্ত্রী
বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের চেয়ে বক্তৃতা-বিবৃতি আর নালিশের দিকেই তাদের বেশি মনোযোগ।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল রোববার এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে। যার যার প্রতীক দিয়েই এই ইলেকশন। সেই ইলেকশনে খুব যে একটা তাদের (বিএনপি ও বেগম জিয়ার) গরজ তা-ও তো দেখি না। কেমন যেন একটা ভাসা ভাসা ভাব।’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘কেবল বক্তৃতার পর বক্তৃতাই দিয়ে যাচ্ছে—এটা হলো না, ওটা হলো না। ইলেকশনে তাদের কর্মকাণ্ডটা কোথায়? শুধু নালিশ করা। তো নালিশ করে কী হচ্ছে? নালিশ করে বালিশ ভাঙা।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি শুধু নালিশই করে যাচ্ছে। কোথাকার কোন ব্রিটিশ এমপিকে নিয়ে এসে তার কাছেই চলছে নালিশ। সে নিজেই তার দেশে অপকর্মের জন্য এক্সপেলড হয়ে গেছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকেরা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, যাকে নিয়ে আসলো আহ্লাদ করে, তার অবস্থানটা কোথায়। একটু খোঁজ নিয়ে দেখেন, ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি তিন মাসের জন্য এক্সপেলড। মানে রতনে রতন চেনে, কী জিনিস আনতে হবে সেটা তারা বোঝে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ কারও কাছে হাত পেতে চলবে না। এখানে নীতির প্রশ্ন যে আমরা ভিক্ষা করে চলব, না আমরা নিজের পায়ে দাঁড়াব?’
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ভুটানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) চুক্তি বাস্তবায়নের পর ভুটান ও এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত পেমা চোডেন গতকাল প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন পেশ: প্রধানমন্ত্রীর কাছে গতকাল বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রতিবেদন পেশ করা হয়।