নির্বাচনের ছয় দিন আগে প্রচারণায় ‘টেলিফোন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের ছয় দিন আগে ‘টেলিফোন’ প্রতীক নিয়ে মাঠে নামলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার চারবারে নির্বাচিত মেয়র নুরুল আবছার। এতে মেয়র পদে এত দিনের ভোটের হিসাব-নিকাশটাও পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই পৌরসভার নির্বাচনে তাঁকে নিয়ে মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১০।মেয়র পদে প্রতিদ্বন্দ্বি অপর নয়জন মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত মুজিবুর রহমান (আনারস), একই দলের বিদ্রোহী আবদুল খালেক (দেওয়াল ঘড়ি) ও রাশেদুল ইসলাম (টেলিভিশন); জামায়াত (চারদলীয় জোট) সমর্থিত সরওয়ার কামাল (তালা), জুলফিকার আলী (মাইক), জগদীশ বড়ুয়া (চশমা), রোকসানা পারভীন (কাপ-পিরিচ), রুহুল আমিন (জাহাজ) ও রণজিত কুমার দে (দোয়াত-কলম)।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ২ জানুয়ারি নুরুল আবছারের মনোনয়নপত্র বাতিল করলে তিনি উচ্চ আদালতের আশ্রয় নেন। গত বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী জানান, বৃহস্পতিবার বিকেলে নুরুল আবছারকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।পৌরসভার বাজারঘাটার ভোটার আবদুল নবী ও গিয়াস উদ্দিন জানান, নুরুল আবছার এই টানা চারবারের নির্বাচিত পৌর পিতা। শেষ মুহূর্তে হলেও তিনি মাঠে নামায় ভোটের হিসাব-নিকাশটা পাল্টে যাচ্ছে। তবে তিনি দলীয় সমর্থন না পেলে হিসাব ভিন্ন হতে পারে। টেকপাড়া ও বৈদ্যঘোনা এলাকার ভোটার সিরাজুল ইসলাম ও রতনকান্তি দে জানান, নুরুল আবছার মাঠে নামায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন চারদলীয় জোটের প্রার্থী সরওয়ার কামাল এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও রাশেদুল ইসলাম। কারণ সবাই একই এলাকার বাসিন্দা।আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘আমি মহাজোটের একক প্রার্থী। দলীয় নেতা-কর্মীরা কখনো দলের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না। ভোটাররা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কাকে তারা ভোট দেবেন। নতুন কেউ মাঠে নামলে প্রভাব পড়ার কোনো কারণ দেখছি না।’ চারদলীয় জোট সমর্থক মেয়র প্রার্থী সরওয়ার কামাল বলেন, ‘আবছার ভাইকেও আমি স্বাগত জানাচ্ছি। তাঁকে নিয়ে ভোটারদের মধ্যে কী প্রভাব পড়বে, বলতে পারছি না। তবে এটা বলা যায়, ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে গেছে। এখন যাত্রীদের উল্টো ফেরানোর উপায় নেই।’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাশেদুল ইসলাম ও আবদুল খালেক জানান, নুরুল আবছারের প্রভাব নিয়ে তাঁরা চিন্তিত নন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন নুরুল আবছারকে বহিষ্কার করা হচ্ছে কি না, তা দেখার অপেক্ষায় আছেন।