নির্বাচনের ছয় মাস পরও শুরু হয়নি উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচনের ছয় মাস পার হলেও রাজশাহী সিটি করপোরেশনে শুরু হয়নি কোনো উন্নয়ন কার্যক্রম। মাস খানেক ধরে বন্ধ স্থায়ী কমিটিগুলোর বৈঠক। সেবামূলক কার্যক্রমেও গতি নেই। দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বেতনও অনিয়মিত হয়েছে।
সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পুলিশ কনস্টেবল সিদ্ধার্থী চন্দ্র সরকার হত্যা মামলার আসামি হওয়ার পর সংকট আরও বেড়েছে। তিনি প্রায় এক মাস ধরে নথি সই করছেন গোপনে। একই মামলায় আসামি হয়ে বিএনপি ও জামায়াতের ১৬ জন কাউন্সিলরও আত্মগোপনে।
তবে গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পেয়ে মেয়র মোসাদ্দেক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি কাল বৃহস্পতিবার থেকে সিটি করপোরেশনে বসবেন। তিনি বলেন, জনগণের কাছে হেয় করার জন্য তাঁর নামে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে।
উন্নয়নকাজে গতি নেই প্রসঙ্গে মেয়র বলেন, উন্নয়নমূলক কিছু প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। আর আগের মেয়রের প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে।
বেতন প্রসঙ্গে মেয়র বলেন, ব্যয়ের চেয়ে রাজস্ব আয় অনেক কম। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে এই বেতন দেওয়া হয়। কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড না থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে নগর ভবনে গিয়ে দেখা যায়, মেয়রের কক্ষ বন্ধ। প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী কার্যালয়ে নেই। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় দাপ্তরিক কাজে রয়েছেন বলে জানান। গতকাল মঙ্গলবার অবশ্য তিনি ফিরেছেন।
প্রধান প্রকৌশলী আশরাফুল হক ঢাকায় রয়েছেন। মুঠোফোনে তিনি জানান, বন্ধ হওয়া প্রকল্পগুলোর অর্থ ছাড় করানোর জন্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সঙ্গে তিনি মন্ত্রণালয়ে যাচ্ছেন। ফিরতে কয়েক দিন দেরি হবে।
প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দ জেবিন নিসারের দপ্তরে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি জানান, তিনি একটি প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন।
তবে সচিব এ কে এম মাসুদুজ্জামানকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়।
মেয়র নেই, কাউন্সিলর নেই, সিটি করপোরেশন কেমনে চলছে—জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ঢাকা সিটি করপোরেশন কীভাবে চলে জানেন? সেখানে কোনো কাউন্সিলর নেই।’ তিনি বলেন, এখানে সিটি করপোরেশনের প্রধান সেবা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সেটা চলছে। শীতের সময় মশা একটু কম। পানির দায়িত্ব এখন ওয়াসা নিয়েছে।
দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মচারী বলেন, বর্তমানে সিটি করপোরেশনে যে অবস্থা চলছে, গত পাঁচ বছরে কখনোই এ রকম অবস্থা হয়নি। তাঁরা মাসের প্রথম সপ্তাহেই বেতন পেয়েছেন। অথচ এই মাসের বেতন ২০ দিন পর পেয়েছেন। তিনি বলেন, এখন সিটি করপোরেশনে কাজ বলতে গ্যাসের লাইন বসানোর জন্য ‘রোড কাটিংয়ের’ বিল জমা দেওয়া। এ ছাড়া কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নেই। করপোরেশন একেবারে প্রাণহীন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, মেয়র যতই গোপনে ফাইল সই করুন না কেন, করপোরেশনে প্রতিদিন তাঁর পরামর্শ প্রয়োজন। এটা দূর থেকে ফোনে করার বিষয় নয়। মেয়র সাধারণ সভা ডাকেন। এখন কে ডাকবে? আর সভায় কারা উপস্থিত হবেন? কাউন্সিলররা পলাতক।
ওই কাউন্সিলর জানান, সিটি করপোরেশনের ২২টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনুসারী শুধু একজন কাউন্সিলরকে স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাও প্রতিবন্ধী কল্যাণ স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি হয়তো দু-একটি সভা করে থাকতে পারেন। বাকি ২০টি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপি ও জামায়াত অনুসারী কাউন্সিলরদের। তাঁদের ১৬ জনের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থী চন্দ্র সরকারকে হত্যার মামলা দেওয়া হয়েছে। বিএনপি অনুসারী দুটি স্থায়ী কমিটির দুজন চেয়ারম্যানের নামে মামলা না হলেও তাঁদের কমিটির সদস্যরা পলাতক থাকায় গত ২৭ ডিসেম্বর থেকে তাঁরাও সভায় যোগ দিতে পারছেন না।
ওই কাউন্সিলর আরও জানান, এ সময়ে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির কাজ চলছে। জন্মনিবন্ধনের সনদের জন্য নগরবাসী ধরনা দিচ্ছেন কাউন্সিলরের কার্যালয়ে। কাউন্সিলরকে না পেয়ে তাঁরা বেকায়দায় পড়ছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, অনেক কাউন্সিলর তাঁদের সচিবের কাছে আগে থেকে কিছু জন্মনিবন্ধনপত্র হয়তো সই করে রেখেছেন। তাঁরা দিতে পারছেন। সেখানে সমস্যা হচ্ছে না। তার পরও কাউন্সিলর না থাকার ব্যাপারটি অন্য রকম।
১৮-দলীয় জোটের অবেরোধ চলাকালে গত ২৬ ডিসেম্বর নগরে অবরোধকারীদের মিছিল যাওয়ার সময় বোমা হমলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ নিহত হন। এ ঘটনায় মেয়র, ১৬ জন কাউন্সিলরসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও সাড়ে তিন শ থেকে চার শ ব্যক্তিকে আসামি করে পুলিশ দুটি মামলা করে। আসামি কাউন্সিলরদের মধ্যে দুজন প্যানেল মেয়রও রয়েছেন। অন্যতম আসামি ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।