নির্বাচনের জন্য দুই ধরনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

দলীয় বা অন্তর্বর্তী—যে সরকারই থাক, সে সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এই দুই ধরণের প্রস্তুতির কথা জানান।
নির্বাচনকালীন সরকার নিয়ে অস্পষ্টতার কারণে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনের সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা আগেও বলেছি, এটির রাজনৈতিক সমাধান হতে হবে। প্রধান দুটি বড় দল রয়েছে, তাদের মধ্যে একটা সমঝোতা হতে হবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হোক।’ তিনি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে। নির্বাচনকালীন সরকারপদ্ধতি কী হবে—এর সমাধান যত দ্রুত হবে, কমিশনের জন্য ততই সুবিধা। সেটা হচ্ছে না বলেই আমাদের দুই রকম পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। তবে দুই ধরনের প্রস্তুতির মধ্যে ব্যাপক কোনো পরিবর্তন থাকবে না। কারণ আমাদের নির্বাচন করতে হবে। ওই সময়ে যে ধরনের সরকার থাকবে, সে অনুযায়ী নির্বাচন করতে হবে।’
আগামী নির্বাচন সেনাবাহিনী ছাড়াই হবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব বলেন, ‘উনি নিজস্ব পর্যবেক্ষণ থেকে কথা বলেছেন। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নির্বাচনের আগে আমরা পরিস্থিতি বিবেচনা করে অগ্রসর হব। যখন যে পরিস্থিতি আসবে, তা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচরণবিধি নিয়ে আমরা এখনো বসতে পারিনি। ছোটখাটো সংশোধন থাকলে সেটা একরকম চিন্তা, আর বড় ধরনের সংশোধনের প্রয়োজন হলে ভিন্ন চিন্তা করতে হবে।’