নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি
নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।
গতকাল বুধবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের বক্তব্যে সে রকম আভাস পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগে কমিশনের হাতে সময় কম।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ২৫ থেকে ২৮ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।
সূত্র জানায়, সরকার মনে করে, বিজয়ের মাস হওয়ায় ডিসেম্বর মাসজুড়ে মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকবে। সরকার এ চেতনাকে কাজে লাগাতে চায়। সে জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেও সরকার আপত্তি করবে না। কিন্তু কমিশন থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় হাতে নেই। তাই ৭, ৮, ৯ অথবা ১১ জানুয়ারি দশম সংসদ নির্বাচন করতে চায় কমিশন।
কমিশনার শাহ নেওয়াজ গতকাল বলেন, মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তফসিল-সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি। কমিশন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে। তিনি সাংবিধানিক নিয়মনীতি মেনে কমিশনকে যথাযথ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।