‘একতরফা’ ও ‘অগ্রহণযোগ্য’ নির্বাচন ঠেকাতে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত এক নাগরিক সংলাপে তাঁরা এই আহ্বান জানান।
‘জাতি শান্তি চায়’ শীর্ষক ওই সংলাপে বক্তারা বলেন, প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কাজেই সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত ঘোষিত তফসিল স্থগিত করা।
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। নির্বাচনী প্রচারণার সময় সব দলের জন্য সমান সুযোগ-সুবিধা থাকা উচিত। কোনো বিতর্ক সৃষ্টি না করে বর্তমান আইনি কাঠামোর মধ্যেই কমিশন তা করতে পারে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে যদি মনে হয় যে, তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না, তাহলে জাতিকে তা জানানোর অধিকার অবশ্যই তাদের আছে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান যাতে ঠিকঠাকমতো কাজ করতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।