মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে তফসিল ঘোষণার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন দাবি আদায় বাস্তবায়ন কমিটি ও পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে কালেক্টরেট ভবনের সামনে ওই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী ছাড়াও পৌরসভার কয়েক শ বাসিন্দা দাবি আদায়-সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে জেলা কালেক্টরেট ভবনের সামনে জড়ো হন। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর রতন মজুমদার, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান, করবী আহমেদ, জাহাঙ্গীর আলম, ইয়াহিয়া চৌধুরী, নজরুল হুদা প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সীমানা-সংক্রান্ত জটিলতার অজুহাত দিয়ে পৌরসভার কয়েকজন দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তির ষড়যন্ত্রের কারণে মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন বলেন, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার মেয়াদ রয়েছে। নিয়ম অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। কিন্তু স্থানীয় এক কাউন্সিলরের (৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদ হোসেন) সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
কাউন্সিলর মীর জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ৯ নম্বর ওয়ার্ডে মৌজার সংখ্যা নয়টি। জনসংখ্যা ১০ হাজারেরও বেশি। পাশের ৮ নম্বর ওয়ার্ডে মাত্র দুটি মৌজা রয়েছে, যার জনসংখ্য চার হাজার। কিন্তু সরকারি কোনো অনুদান এলে তা ওই দুই ওয়ার্ডে একই হারে বণ্টন করা হয়। ফলে তাঁর ওয়ার্ডের জনগণ অপেক্ষাকৃত সুযোগ-সুবিধা কম পান। এ কারণে ৯ নম্বর ওয়ার্ডের কুশেরচর, পূর্ব উড়িয়াজানী, পশ্চিম উড়িয়াজানী, কেওয়ারজানী, সন্তোষপুর ও ছোট শৌরুন্ডি মৌজা ৮ নম্বর ওয়ার্ডে সংযুক্ত করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন।