রাজশাহীর বাগমারা উপজেলায় স্থগিত হওয়া ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির উপজেলা শাখার নেতারা পৃথক বিবৃতিতে এ দাবি জানান।
চতুর্থ দফায় ৭ মে উপজেলার ১৬টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। ৫ মে রাতে নির্বাচন কমিশন উপজেলার সব ইউপির ভোট স্থগিত ঘোষণা করে।
বাগমারা উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি ও এবারের বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বলেন, দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করা না হলে প্রার্থীদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হতে হবে। কারণ, নির্বাচন স্থগিত ঘোষণা করা হলেও প্রার্থীরা বসে নেই। সমর্থক ও ভোটারদের ঠিক রাখতে প্রচারণা অব্যাহত রাখতে হচ্ছে।
আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান বলেন, নির্বাচন স্থগিত হওয়ার কারণে প্রার্থীরা বিপাকে পড়েছেন। তাঁদের ব্যয় বেড়ে যাচ্ছে। সহিংসতাও বাড়ছে। নির্বাচন স্থগিত ঘোষণার পরই উপজেলার আউচপাড়া ইউপিতে সহিংসতায় চারজনের প্রাণহানি হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘স্থগিত হওয়া নির্বাচন কবে হবে তা জানি না। এটা নির্বাচন কমিশনই বলতে পারবে।’