নির্বাচনের তালিকা থেকে ১১ পৌরসভা বাদ, চারটি যুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুপারিশ পর্যালোচনা করে ১১টি পৌরসভাকে নির্বাচন অনুষ্ঠানের তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া বহাল রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন চারটি পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।কমিশনের ঘোষিত তফসিলের তালিকা থেকে ১৪টি পৌরসভার নাম বাদ দেওয়ার জন্য গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কমিশনকে চিঠি দেওয়া হয়। এগুলো হলো—নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কাঞ্চন, গাজীপুর, লোহাগড়া, বাগাতিপাড়া, বাঘাইছড়ি, পূর্বধলা, কুমিল্লা সদর, কুমিল্লা আদর্শ দক্ষিণ, রংপুর, বোদা, কুষ্টিয়া ও মাগুরা। সিটি করপোরেশন গঠনের পরিকল্পনা ও মামলা জটিলতার কারণে মন্ত্রণালয় এসব পৌরসভার নির্বাচন স্থগিত রাখার প্রস্তাব করে।কমিশন গতকাল পর্যালোচনা করে নড়াইলের লোহাগড়া, কুষ্টিয়া সদর ও মাগুরা সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত বহাল রেখেছে। এ ছাড়া নতুন চারটি পৌরসভাকে নির্বাচন অনুষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে—মুন্সিগঞ্জের মীরকদম, শেরপুরে শ্রীবরদী, মেহেরপুর ও ফরিদপুর পৌরসভা।সারা দেশের ৩১০টি পৌরসভার মধ্যে কমিশন ২৬৯টির নির্বাচনী তফসিল ঘোষণা করে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী এখন ২৬২টি পৌরসভায় নির্বাচন হবে।