নির্বাচনের তিন দিন আগে সমর্থন পাল্টাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রার্থী পাল্টে ‘বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। আগে সমর্থন পাওয়া প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার উপজেলা বিএনপির কর্মিসভায় ওই ঘোষণা দেওয়া হয়।
বিএনপির নেতা-কর্মীরা জানান, উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবিদুর রহমান এবং জেলা জাসাসের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ রুমী প্রচারণা শুরু করেন। এর মধ্যে আবিদুরকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান এবং রুমীকে সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সমর্থন দেন। তবে ৩ ফেব্রুয়ারি উপজেলার চারিগ্রাম গ্রামে মঈনুল ইসলামের বাড়িতে রুমীকে দল-সমর্থিত প্রার্থী হিসেবে সমর্থন দেয় জেলা বিএনপি। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা ছিলেন। কিন্তু উপজেলা বিএনপির অনেক নেতা-কর্মী ওই সিদ্ধান্ত মানতে পারেননি। তাঁরা আবিদুরের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।
এদিকে গতকাল দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মিসভা ডাকা হয়। সেখানে জেলা বিএনপির সভাপতিসহ জেলা ও উপজেলা বিএনপির প্রায় সব নেতা-কর্মী ছিলেন। সভায় বলা হয়, কেন্দ্রের নির্দেশে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কোনো উপজেলায় এক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আগে চেয়ারম্যান পদে খান মোহাম্মদ রুমীকে দলের সমর্থন দেওয়া হলেও কেন্দ্র খোঁজ নিয়ে দেখেছে, নির্বাচনী প্রচারণা ও জনপ্রিয়তায় রুমীর চেয়ে আবিদুর রহমান এগিয়ে আছেন। এ কারণে রুমীর পরিবর্তে আবিদুরকে দলের সমর্থন দেওয়া হলো। এরপর দলীয় সিদ্ধান্ত মেনে রুমী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আবিদুরকে সমর্থন দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান বলেন, নির্বাচনে পর্যবেক্ষণে ভোটের বিষয়ে আবিদুর রহমান এগিয়ে থাকায় দলের নীতিনির্ধারকদের নির্দেশে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান বলেন, প্রথমে দলীয় প্রার্থী সমর্থন নিয়ে মতবিরোধ থাকলেও এখন তা নেই। এখন দলীয় প্রার্থী আবিদুরের পক্ষেই সব নেতা-কর্মী কাজ করছেন।
যোগাযোগ করা হলে খান মোহাম্মদ রুমী বলেন, ‘দল যাঁকে মূল্যায়ন করেছে, আমি তাঁর পক্ষেই কাজ করব।’
প্রার্থী আবিদুর রহমান বলেন, নির্বাচনে জয়ী হতে তিনি সবাইকে নিয়ে প্রচারণায় নেমেছেন।
সিঙ্গাইরে আবিদুরের একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের মুশফিকুর রহমান।