নির্বাচনের দাবিতে ইউপি কার্যালয়ে তালা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে গত শনিবার তালা দেওয়ার পর ইউপি চেয়ারম্যান গতকাল রোববার এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান দুলাল উদ্দিন আহাম্মদ ওই ইউপি নির্বাচন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমানা নির্ধারণসংক্রান্ত একটি মামলার সুরাহা না হওয়ায় শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত ছিল। ফলে দুলাল উদ্দিন আহাম্মদ এত দিন ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৪ মে মামলার বাদী আবদুর রাজ্জাক মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচন কমিশন ১৯ জুলাই ওই ইউপির নির্বাচনের তারিখ ঘোষণা করে। সে অনুযায়ী ওই ইউনিয়নের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী বলেছেন, গত ৭ জুন দুলাল উদ্দিন আহাম্মদ তাঁর বড় ভাইয়ের শ্যালক মামুন কবীরকে দিয়ে নির্বাচন বন্ধের জন্য হাইকোর্টে আরেকটি মামলা করান। হাইকোর্ট ১২ জুলাই (আগামীকাল) মামলার শুনানির দিন ধার্য করেছেন।মামুন কবীরের করা মামলার খবর ইউনিয়নের ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। গত শনিবার পাঁচ শতাধিক লোক নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। ওই সময় তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে তাঁরা ইউপি কার্যালয় ঘেরাও করে পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।গতকাল দুলাল উদ্দিন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, আজম আলী ও উত্তমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ চেয়ারম্যান দুলাল উদ্দিন আহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।