নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার এ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন মিছিল নিয়ে সকাল ১০টার দিকে বড়বাইশদিয়ার ফেলাবুনিয়া বাজারে সমবেত হন। পরে বেলা ১১টার দিকে তাঁরা বাজারের মোড়ে সমাবেশ করেন।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এক মামলা দিয়ে ১৩ বছর ধরে কৌশলে এই ইউপির নির্বাচন ঠেকিয়ে রাখা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন পহলান, ইউনিয়ন যুবলীগের কর্মী কামরুজ্জামান, যুবলীগ কর্মী রিপন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাকন মুফতি, কাটাখালী গ্রামের খলিলুর রহমান ফরাজী প্রমুখ।
কাকন মুফতি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে বড়বাইশদিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ নিজস্ব লোক দিয়ে একের পর এক মামলা করিয়ে নির্বাচন ঠেকিয়ে রাখছেন। মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলা প্রত্যাহার করে ইউপি নির্বাচনের বাধা দূর করা না হলে শিগগিরই লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে কবির হোসেন প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান আবু হাসানাত উচ্চ আদালতে এ পর্যন্ত পাঁচটি মামলা করিয়েছেন। মামলাগুলোর কারণে আদালতের নির্দেশে ১৩ বছর ধরে এখানে ইউপি নির্বাচন হচ্ছে না।
তবে এই অভিযোগ অস্বীকার করে আবু হাসানাত বলেন, ‘আমি কাউকে দিয়ে মামলা করাইনি। আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত রয়েছে। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই।’
গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের দাবিতে বড়বাইশদিয়ার বিক্ষুব্ধ জনগণ ইউপি কার্যালয়ে তালা দেন। এ ঘটনায় পরদিন প্রথম আলোয় ‘নির্বাচনের দাবিতে ইউপি কার্যালয়ে তালা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পরদিন উপজেলা প্রশাসন তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে। তবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাপ্তাহিক হাটের দিন বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন এলাকাবাসী।