পৌরসভায় উন্নীত হওয়ার ১১ বছরেও নির্বাচন না হওয়ায় বিয়ানীবাজার পৌরবাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর প্রশাসককে অপসারণ করে নির্বাচনের দাবিতে গঠিত হয়েছে ‘পৌর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদ’। এই সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিদিনই চলছে সভা-সমাবেশ। বিয়ানীবাজার পৌর শহরে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি কসবা ত্রিমুখী বাজার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ বাজার রিকশাস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হাসনাতের সভাপতিত্বে ও সদস্যসচিব নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পৌর প্রশাসক নিজের লোক দিয়ে হাইকোর্টে একাধিক মামলা করে নির্বাচন বিলম্বিত করছেন এবং পৌরসভার অর্থ লুটেপুটে খাচ্ছেন। তাই অবিলম্বে পৌর প্রশাসকের অপসারণ ও পৌর নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, প্রবীণ বাউলশিল্পী আব্দুন নূর, বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবাদ আহমদ, গোলাব শাহ সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, গৌছ উদ্দিন খান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিদিন পৌরসভার গ্রামে গ্রামে গণসংযোগ ও আগামী ১৭ জানুয়ারি পৌর সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।যোগাযোগ করলে পৌর প্রশাসক তফজ্জুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিছু চক্রান্তকারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমিও নির্বাচন চাই।’২০০১ সালে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত হয় বিয়ানীবাজার। সেই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে সাবেক ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন সরকারের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তফজ্জুলকে পৌর প্রশাসকের দায়িত্ব দেন হাইকোর্ট। এরপর গত ১১ বছরেও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন হয়নি।