বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ আন্দোলনে ছাত্রলীগ কলেজ শাখার নেতা-কর্মীরা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হন।শিক্ষার্থীদের দাবির মুখে বিএম কলেজের অধ্যক্ষ ননী গোপাল ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে লিখিত আশ্বাস দিতে বাধ্য হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। গতকাল বেলা ১১টায় ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাদ, মঈন তুষার ও শুভ সেনের নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে ঢুকতে চান। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে অধ্যক্ষের কক্ষে ঢুকতে না পেরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ জন ছাত্র আহত হন।পরে শিক্ষার্থীরা দোতলায় গিয়ে অধ্যক্ষের কক্ষের কয়েকটি জানালা ভেঙে ফেলেন। এ সময় তাঁরা সেখান থেকে ফিরে এসে কলেজের সামনের সড়ক অবরোধ ও সমাবেশ করেন এবং চারটি গাড়ি ভাঙচুর করেন।দুপুর পৌনে ১২টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে একযোগে অধ্যক্ষের কক্ষে এসে তাঁকে অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা তাঁকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে চাপ দেন। চাপের মুখে একপর্যায়ে অধ্যক্ষ মৌখিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দেন। মৌখিক প্রতিশ্রুতিতে সন্তুষ্ট না হয়ে ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষকে লিখিত ঘোষণা দেয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে অধ্যক্ষ তাঁর প্যাডে লিখিত দিতে বাধ্য হন। দুপুর সাড়ে ১২টায় ওই লিখিত দেওয়ার পর ছাত্রলীগের কর্মীরা তাঁকে মুক্তি দেন।অধ্যক্ষ ননী গোপাল দাস বলেন, ‘ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্বাচন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারত। ছাত্রদের সামনে অধ্যক্ষের লিখিত দিতে হয় না। তার পরও বাধ্য হয়ে আমাকে লিখিত দিতে হয়েছে।’ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাদ বলেন, ‘শুধু ছাত্রলীগের নয়, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যেতে চাইলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৮-১০ জন আহত হয়। পরে সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটায়।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা শুধু কলেজের পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করেছি। ছাত্রদের হামলায় আমাদের দুই সদস্য আহত হয়েছে।’কলেজ সূত্রে জানা গেছে, বিএম কলেজে ২০০২ সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়।