নির্বাচনের দাবিতে ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের মিছিল
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অবিলম্বে নির্বাচনের দাবিতে রোববার দুপুরে মিছিল করেছেন। ১১৫৫ ও ১১৫৯ নম্বর ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সদস্য মো. জিল্লুর রহমান, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও আব্বাসউদ্দিনসহ কয়েকজন জানান, নিয়ম অনুযায়ী কমিটির দুই মাস পরপর সাধারণ সভা ডাকার কথা। কিন্তু বাস্তবে তা ডাকা হয় না। উপরন্তু তাঁরা মেয়াদ শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও নির্বাচন না করে পকেট কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছেন। বর্তমান কমিটির কর্মকর্তারা ইউনিয়নের অফিস নির্মাণের অজুহাত তুলে সাধারণ সভা ডাকছেন না। এমনকি নির্মাণকাজ শেষ না হলে ভোট হবে না বলে জানিয়ে দিয়েছেন। ভোমরা বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৯ নম্বর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে অফিস নির্মাণ শেষ করে নির্বাচনের দিন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।