নির্বাচনের দাবিতে মেয়রের কার্যালয়ে তালা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দাবিতে গতকাল রোববার মেহেরপুর পৌরভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মেয়রের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে নামফলক ভেঙে ফেলেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা মেয়র মুতাছিম বিল্লাহকে পৌরসভায় নিষিদ্ধ ঘোষণা করেন। মেয়রের কক্ষে তালা ঝোলানো ও নামফলক ভাঙার সময় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান পৌর কর্মকর্তা-কর্মচারীদের বলেন, ‘মামলা করে ক্ষমতায় থাকায় বর্তমান মেয়র তাঁর বৈধতা হারিয়েছেন। তাই এই মেয়রকে আপনারা অফিসে ঢুকতে দেবেন না ও তাঁকে সহায়তা বা তাঁর নির্দেশ শুনবেন না।’পৌরভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খান।মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবিতে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাগাতার কর্মসূচি ঘোষণা করায় গত দুই দিন শহরে উত্তেজনা বিরাজ করছে। গতকালের কর্মসূচিটি আওয়ামী লীগের পূর্বঘোষিত হলেও ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না। পুলিশ সুপার শাহরিয়ার হোসেন এ বিষয়ে বলেন, কেউ তাঁকে জানায়নি। পৌরভবনে হামলা হয়েছে এমন তথ্যও তিনি পাননি।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে মেহেরপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে একজন ভোটার ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মামলা করলে আদালত নির্বাচন স্থগিতাদেশ দেন। একই দাবিতে মেয়রসহ আরও দুজন দুটি মামলা করলে আইনগত জটিলতায় নির্বাচন আর হয়নি। এ ব্যাপারে মেয়র মুতাছিম বিল্লাহ জানান, তিনিও নির্বাচনের পক্ষে। অথচ উচ্ছৃঙ্খল কিছু লোক তাঁর কার্যালয়ে তালা ও তাঁর নামফলক ভেঙে দিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। অথচ নির্বাচন না হওয়ার জন্য তাঁকে দায়ী করে ক্ষমতাসীন দলের একটি অংশ তাঁকে হুমকি দিচ্ছে। এ কারণে তিনি পৌরভবন ও নিজের বাড়ি রক্ষাসহ তাঁর নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন।আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান বলেন, মামলা করে ক্ষমতায় থাকায় বর্তমান মেয়র তাঁর বৈধতা হারিয়েছেন।এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী বলেন, নিয়মতান্ত্রিকভাবে তাঁরা নির্বাচন চান। কোন হঠকারিতাকে তাঁরা প্রশ্রয় দেন না। মেয়রের কার্যালয়ে তালা লাগানোর বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।