নির্বাচনের দিন ফাইনাল পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হলেও ওই দিন টার্ম ফাইনাল পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে অনেক আগেই নির্বাচনের তারিখ ঘোষিত হলেও এদিনকে বিবেচনায় না রেখে নির্বাচনের দিন ও তার আগে-পরে পরীক্ষার সময়সূচি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের একটি বিষয়ের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি কম্পিউটার কৌশল, স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একই বর্ষের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। সম্প্রতি এসব বিভাগের পরীক্ষা কমিটির প্রধান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এ ব্যাপারে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যত দূর জানি, ইতিমধ্যে প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় রাউজানে নির্বাচন হবে না। আর পরীক্ষা নেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে বিভাগীয় প্রধানদের তত্ত্বাবধানে রয়েছে।’