নির্বাচনের দিন বর্জন বিএনপির নতুন ফর্মুলা: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দিন সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনকে বিএনপির ‘নতুন ফর্মুলা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামটরে সোহাগ কমিউনিটি সেন্টারে রমনা-শাহবাগ থানার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমু এ মন্তব্য করেন। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বেশ কয়েকটি উপজেলায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করে স্থানীয় বিএনপি।
আমির হোসেন আমু বলেন, ‘উপজেলা নির্বাচনে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একাধিক প্রার্থী নির্বাচন করছে, তাই আমাদের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমরা নির্বাচনে কোনো বিশৃঙ্খলা তৈরি করিনি। সকল জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তারা (বিএনপি) আজকে নতুন ফর্মুলা হাজির করেছে। নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করছে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, ‘নিন্দুকেরা বলেন বঙ্গবন্ধু রাজনীতিবিদ হিসেবে ভালো ছিলেন কিন্তু দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তাঁদের বলতে চাই, বিশ্বের যেকোনো সরকারের চেয়ে বঙ্গবন্ধু সরকারের অর্জন অনেক বেশি। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুই এত দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। সব কলকারখানা চালু করতে পেরেছিলেন। ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাট মেরামত করতে পেরেছিলেন। খাদ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্য ছিল। কিন্তু যাঁরা সমালোচনা করেন, তাঁদের এই সব বিষয় চোখে পড়ে না। কারণ নিন্দুকদের দেখানোর মতো কিছু নেই।’ আগামী দিনের সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার।
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।