চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল বুধবার সার্কিট হাউসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেসমিন টুলী, ঘটনার সময় দায়িত্বরত পুলিশের দুই উপকমিশনার ও দুই সহকারী কমিশনারও সাক্ষ্য দেন।গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনের ফল ঘোষণায় দেরি ও ফল ঘোষণাস্থলের বাইরে সহিংসতার কারণ উদ্ঘাটনে গঠিত কমিটি গত মঙ্গলবার থেকে চট্টগ্রামে সরেজমিন কাজ শুরু করেছে। কমিটির প্রধান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক। প্রথম দিন মেয়র মোহাম্মদ মন্জুর আলম তদন্ত কমিটির সদস্যের নানা প্রশ্নের জবাব দেন। গতকাল কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার পর মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, নির্বাচনের দিন সহিংসতা না ঘটলে ফলাফল অন্য রকম হতো। তিনি এই সহিংসতার জন্য বিএনপির দুই নেতাকে দায়ী করে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন। গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা মহিউদ্দিন চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী ও ছেলে চৌধুরী মহিবুল হাসান।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী টেলিভিশনে বলেছিলেন, আমরাই জয়ী হব। সবাই এগিয়ে আসুন। এ ঘোষণার পরই সহিংসতা ছড়িয়ে পড়ে।’ সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলা এবং একটি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তার করা সাধারণ ডায়েরিসহ (জিডি) বিভিন্ন নথিপত্র তদন্ত কমিটিতে জমা দেওয়া হয়েছে।