নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি প্রভাব বিস্তারে হামলা-মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ এখনো ধার্য হয়নি। এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন। নির্বাচনের আগেই আধিপত্য বিস্তার করা নিয়ে হামলা-মামলায় জড়িয়ে পড়ছেন চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী ব্যক্তিরা।গত শুক্রবার ভোরে ইউনিয়নের উলা গ্রামে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। হামলায় জেলা যুবলীগের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য কাজি বসিরুল হকসহ (৩৮) তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলা ঠেকাতে গিয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার মাতবর ও পুলিশ সদস্য আবুল কালাম আহত হয়েছেন।হামলায় গুরুতর আহত টুটুল শেখ (৩৫) ও হাসমত শেখকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত বাবুল কাজি, টুলু কাজি, কুদ্দুস কাজি ও জাকির শেখকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরও ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একই পক্ষের তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি বনি আমীনকে প্রধান আসামি করে ১০ জনের নামে গত শনিবার রাতে লোহাগড়া থানায় মামলা হয়েছে। মামলার বাদী বসিরুল হকের ভাই জহিরুল হক।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তার করতে এ হামলা হয়েছে। উলা গ্রামে দুটি পক্ষ। কাজি বনি আমীনের সমর্থনপুষ্ট খোকন চৌধুরী একটি পক্ষ। আর কাজি বসিরুল হকের সমর্থনপুষ্ট মাহাতাব শেখ আরেকটি পক্ষ। শুক্রবার ভোরে কাজি বনি আমীনের নির্দেশেই বসিরুল হক ও তাঁর লোকজনের ওপর হামলা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী রয়েছেন পাঁচজন। তাঁরা বিভিন্নভাবে ইউনিয়নে তৎপরতা চালাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজি বনি আমীন, জেলা যুবলীগের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ও নড়াইল জজ আদালতের আইনজীবী কাজি বসিরুল হক। তাঁরা দুজনই বয়রা গ্রামের বাসিন্দা। আরও আছেন বর্তমান ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ওয়ার্কার্স পার্টির সমর্থক জহির আহমেদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কে এম মনিরুজ্জামান ও বিএনপির সমর্থক কে এম ফজলুল হক।লক্ষ্মীপাশা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির আহমেদ ফকির বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কাজি বনি আমীন ও কাজি বসিরুল হক ইউনিয়নব্যাপী প্রভাব বিস্তার করতে চান। তাই এ হামলা হয়েছে। এর আগে ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ইমারুল শেখ (৩০) খুন হন। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ৪৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়।গতকাল রোববার উলা ও বয়রা গ্রামে গিয়ে জানা যায়, কাজি বনি আমীনসহ তাঁর পক্ষের অধিকাংশ লোকজন পুলিশের ভয়ে গ্রামছাড়া। নাম প্রকাশ না করার শর্তে উলা গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি মন্তব্য করেন, নির্বাচন জনগণের কল্যাণের জন্য। অথচ নির্বাচনে জয়ী হতে হামলা-মামলা হচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, আতঙ্কে দিন কাটাচ্ছে।লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাকির শেখ (৪৫) বলেন, ভোটের জন্যই এ হামলা। এর আগে বনি কাজি-খোকন চৌধুরী পক্ষ গ্রামের ২০টি বাড়ি ভাঙচুর করেছে।কাজি বনি আমীন উলা গ্রামের খোকন চৌধুরীর পক্ষকে সমর্থন দেন, এ কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নের সব গ্রামে আমার দল আছে। কিন্তু বসিরসহ তার লোকজনের ওপর হামলা আমার নির্দেশে হয়নি। বসির আমার বংশীয় চাচাতো ভাই। সে আহত হওয়ায় আমি মর্মাহত। নির্বাচনী তৎপরতা চালাচ্ছি, তবে আমি গোলমাল করছি না। ইউনিয়নের সব গ্রামের গোলমাল মেটাচ্ছি।’খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাজি বসিরুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বনি কাজি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলাদলি করে অশান্তি সৃষ্টি করছেন। তিনি বলেন, ‘আমি নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছি, প্রতিবাদ করছি। তাই সে আমাকে শেষ করে দিতে চায়। তার নির্দেশে এ হামলা হয়েছে।’