নির্বাচনের দিনক্ষণ বেঁধে দিতে চায় না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি কত দিন পর নতুন নির্বাচন চাইবে, তা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ ছয় মাসের কথা বলেছেন। কেউবা একে ‘বেশি আগে’ বলে মত দেন। তবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দিয়ে নির্বাচনের জন্য আন্দোলন করার কথা বলা হবে না। বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চাইবে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে কথা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় তিন মাস পর অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে কয়েক দিনের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার ব্যাপারে মত দেওয়া হয়। সর্বশেষ গত ৭ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সব সদস্যই বিগত আন্দোলনে ঢাকা মহানগরের কর্মকাণ্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ব্যর্থতার কথাও উল্লেখ করেন। এ জন্য মহানগরকে ঢেলে সাজানোর ব্যাপারে তাঁরা মত দেন। বিএনপির চেয়ারপারসনও এ বিষয়ে একমত পোষণ করেন। তিনি সদস্যদের বলেন, মহানগর নিয়ে নতুন করে ভাবতে হবে। তবে মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা কারাগার থেকে বের হওয়ার পর এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে; তার আগে নয়। পাশাপাশি ছাত্রদলকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেন তাঁরা। বৈঠকে উপজেলা নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন সদস্যরা। তবে গতকালের বৈঠকে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে কোনো কথা হয়নি।
গতকালের বৈঠকে কোনো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ বিষয়ে মূল্যায়ন করেন নেতারা। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে ‘নির্বাচন প্রতিহতের আন্দোলন সফল’ হওয়ায় তাঁকে অন্য সদস্যরা অভিনন্দন জানান। চেয়ারপারসন আন্দোলন সফল করার জন্য মাঠপর্যায়ের নেতাদের অভিনন্দন জানানোর কথা বলেন।
গতকালের বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
যৌথ বাহিনীর অভিযান বন্ধের দাবি: অবিলম্বে যৌথ বাহিনীর অভিযান বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানের নামে সারা দেশে প্রতিদিন বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।
রিজভী বলেন, ‘গুম হয়ে যাওয়ার কয়েক দিন পর তাঁদের রক্তাক্ত লাশ ডোবা-নালা অথবা নদীর চরে পাওয়া যাচ্ছে। এসব লাশ আমরা রাখব কোথায়? সরকার দেশকে এক ভয়ংকর মৃত্যুপুরীতে পরিণত করেছে।’
রিজভী অভিযোগ করেন, কয়েক দিন আগে সিরাজগঞ্জের সায়েদাবাদ ইউনিয়ন যুবদল নেতা জবানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার তাঁর লাশ পাওয়া গেছে। সিরাজগঞ্জের বিএনপি নেতা জাহাঙ্গীর ১৫ দিন ধরে নিখোঁজ। লক্ষ্মীপুরের নেতা ওমর ফারুককে কয়েক দিন আগে র‌্যাব তুলে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও বিএনপি ও ১৯-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যে সরকারের প্রতি মানুষের সমর্থন নেই, তারা তো মানুষকে সন্ত্রাসীই বলবেন। টিক্কা খান এই দেশের মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী বলেছিলেন। তিনি বলেন, এই সরকারের ওপরও পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।