নির্বাচনের দিনের সহিংসতার ঘটনায় রামগঞ্জে ২৮ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটের দিন সহিংসতার ঘটনায় এ পর্যন্ত থানায় ২৮টি মামলা হয়েছে। ৬ থেকে ১০ জানুয়ারি দায়ের হওয়া এসব মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
পুলিশের অস্ত্র ছিনতাই, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, সংঘর্ষে নিহত, বিদ্যালয়ে আগুন দেওয়াসহ সহিংসতার ঘটনায় এসব মামলা হয়। সহিংসতার কারণে এই আসনে ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
রামগঞ্জ থানা সূত্র জানায়, ভোটের আগের রাতে কমরতলা কেন্দ্র থেকে পুলিশের দুটি রাইফেল লুট করে প্রতিরোধকারীরা। পরদিন কেন্দ্রের পাশ থেকে ওই অস্ত্র দুটি উদ্ধার করা হয়। নির্বাচনের দিন উত্তর হরিশ্চর কেন্দ্র থেকে পুলিশের পিস্তল ছিনতাই হয়। ৮ জানুয়ারি এই অস্ত্রটি উদ্ধার হয়। মাছিমপুর কেন্দ্রটি সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ঘিরে রাখেন। পরে বেলা একটার দিকে তাঁরা কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স নিয়ে যান। পুলিশের ওপর হামলা করলে পুলিশ গুলি করে। এতে মারা যান শিবিরের কর্মী মো. রুবেল। আগুন দেওয়া হয় তিনটি কেন্দ্রে। এ ছাড়া প্রায় ৪০টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।