প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তফসিল ঘোষণার আগে লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারবেন না, তাহলে নির্বাচনের দেড় বছর আগে রোডম্যাপ ঘোষণা করলেন কেন?
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে রুহুল কবির রিজভী এ প্রশ্ন করেন।
বিএনপি অভিযোগ করেছে, সরকারের মন্ত্রী-সাংসদেরা সরকারি টাকা খরচ করে ভোট চাইছে, কিন্তু বিএনপিকে ঘরোয়া সভা-সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।
‘আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব’—সিইসির এ বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘সিইসির এ বার্তায় মানুষ ভয় পাচ্ছে। কারণ, শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাসীও বিশ্বাস করে, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব। কিন্তু আপনি তাঁরই সাফাই গাইছেন। সুতরাং আপনার অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে যে আবারও ৫ জানুয়ারি স্টাইলে নির্বাচন হতে যাচ্ছে কি না?’
সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিদেশে থাকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আপনাদের সাহসের সমাচার দেশবাসী ভালো করেই জানে। মইন উদ্দিন-ফখরুদ্দীন সরকারের সময় আপনাদের নেত্রীকে সব দুর্নীতিতে অভিযুক্ত করে নিজেরা বাঁচার চেষ্টা করেছেন।’
সংবাদ সম্মেলনে রিজভী টাঙ্গাইল ও হাটহাজারীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানে ক্ষমতাসীন দলের হামলা, নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং নোয়াখালীর সেবারহাটে দলের নেতা জয়নুল আবদীন ফারুকের সংবর্ধনায় পুলিশের হামলা ও ৪৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করার নিন্দা জানান।