
চট্টগ্রামের সন্দ্বীপের ১২টি ইউনিয়নের নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ছিল সহিংসতার ঘটনাও। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হওয়ার আগে উপজেলার হরিশপুর ইউনিয়নে পাল্টাপাল্টি হামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা গতকালের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে প্রহসন ও নাটক বলে মন্তব্য করেছেন।
হরিশপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এতে তিনি ও তাঁর ভাই আবু হানিফ এবং ছেলে আবদুল কাদের ওরফে সোহেল আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হান্নান ওই হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে এবং অপর দুজন নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হানিফ ও কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর ওপর হামলার জের ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এম এ ছালামের ওপরও হামলা হয়। তাঁকে সন্দ্বীপে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবদুল হান্নান হামলার জন্য জাতীয় পার্টির প্রার্থী আবদুস সালাম এবং তাঁর সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘ভোট শুরু হওয়ার আগে সকালে আমাদের বাড়িতে দা, ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। তারা এ সময় ছররা গুলিও ছোড়ে।’
ঘটনার বর্ণনা দিয়ে আবদুল হান্নানের ছেলে আবদুর রহমান প্রথম আলোকে জানান, ভোর সাড়ে ছয়টায় একজন ইউপি মেম্বার প্রার্থীর নেতৃত্বে হরিশপুরের তুলাতলী এলাকায় তাঁদের গ্রামের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা জাতীয় পার্টির চেয়ারমান প্রার্থী এম এ ছালামের লোকজন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটি অংশ জাতীয় পার্টির ছালামের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার বাবা চেয়ারম্যান নির্বাচিত হোক, তা দলের একটি অংশ চাচ্ছে না।’ সন্ত্রাসী হামলায় আবদুল হান্নান দুই পা এবং এক হাতে আঘাত পান।

সন্ত্রাসী হামলার জন্য এম এ ছালামের ছেলে এম এ হাছান আওয়ামী লীগের প্রার্থী আবদুল হান্নানকে দায়ী করেন। তিনি বলেন, ‘হান্নান সাহেব বাবাকে রক্তাক্ত করেছেন। কিন্তু প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।’
সন্দ্বীপ উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. আহসানুল কবির বলেন, ‘১২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের সকালে বের করে দেয় আওয়ামী লীগ। প্রার্থীরাও কেন্দ্রে ঘেঁষতে পারেননি। এই প্রহসনের নির্বাচনের দরকার কী ছিল?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম হরিশপুরের ঘটনাকে ‘বিচ্ছিন্ন বিষয়’ অভিহিত করে বলেন, কেন্দ্রের বাইরে এসব ঘটেছে। আর ভোট গ্রহণের আগে পাল্টাপাল্টি হামলাগুলো হয়।
গতকাল সকাল আটটায় রহমতপুর ইউনিয়নের মাদ্রাসা ইবনে আব্বাস কেন্দ্রে ভোটারদের ওপর হামলা চালানো হয়। ১০-১২ জন যুবক লাঠিসোঁটা নিয়ে ভোটারদের তাড়া করেন। এ সময় বন্ধ থাকা দোকানপাটে লাঠি দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করেন ওই যুবকেরা। ৯-১০ মিনিট পর কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স এলে হামলাকারী যুবকেরা পালিয়ে যান। আবার ভোট গ্রহণ শুরু হলে ভোটারদের আবার ওই যুবকেরা বাধা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
রহমতপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও পুলিশকে দায়ী করেন। তিনি বলেন, ‘যুগ যুগ ধরে রহমতপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী জিতে আসছিল। এবার পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ভোটারদের ওপর হামলা চালিয়েছে।’
হাসানুজ্জামান বলেন, ‘হামলা হওয়ার পরও আমার কর্মী-সমর্থকেরা কেন্দ্রে ভিড় করছিলেন। এ সময় একজন পুলিশ সদস্য এসে আমাকে বলেন, আপনি বিএনপির প্রার্থী। আপনি চলে যান। এরপর সকাল সোয়া নয়টার দিকে আমি ভোট না করার সিদ্ধান্ত নিয়ে সরে আসি। কারণ আমার জীবনের মূল্য আছে।’
গতকাল সকাল সাড়ে ১০টায় হরিশপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে পুলিশের সামনে একদল যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালটে সিল মারার চেষ্টা করেন। এ সময় ৩০-৩৫ জন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছিলেন। যুবকেরা হইচই করে ব্যালট পেপার কেড়ে নেওয়ার চেষ্টা করলে নারী ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এতে তিনজন নারী দৌড়ে কেন্দ্র ছেড়ে পালিয়ে যান। অন্যরা ভেতরে আশ্রয় নেন। এ সময় কেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারী যুবকেরা একজন ইউপি মেম্বারের সমর্থক বলে প্রিসাইডিং কর্মকর্তা দিদার হোসেন জানান।

গতকাল সকালে বাউরিয়া ইউনিয়নের গাজী ফোরকানিয়া মক্তব কেন্দ্রে জোর করে প্রবেশ করে কিছু যুবক একজন সদস্য প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘কিছু ব্যালটে সিল মারা হয়েছে।’
সেন্ট্রাল বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কোনো ভোটার দেখা যায়নি। নৌকা ছাড়া চেয়ারম্যান প্রার্থীদের কোনো এজেন্ট ছিল না। গতকাল সকালে এই কেন্দ্র দখল-বেদখল নিয়ে সংঘর্ষের কারণে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানালেন প্রিসাইডিং কর্মকর্তা মোসাদ্দেকুল মাওলা। তিনি বলেন, ‘শতাধিক লোক কেন্দ্রে প্রবেশ করেছিল। এতে কিছু ব্যালট নষ্ট হয়েছে। পুলিশ ডেকে তাদের সরানো হয়।’
গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে বাউরিয়া দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। অথচ ওই সময় ৬০ শতাংশের বেশি ভোট গ্রহণ হয়ে গেছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল মোস্তফা ভুঁইয়া। তাঁর দাবি, সকালের দিকে ভোটারের উপস্থিতি সন্তোষজনক ছিল। তবে কেন্দ্রের বাইরে শহীদুজ্জামান নামের একজন ভোটার অভিযোগ করেন, ‘ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে সরকার সমর্থকেরা।’
হারামিয়া ইউনিয়নের দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাইরে কয়েকজন যুবক জড়ো হয়ে ভোট গ্রহণে বাধা সৃষ্টির চেষ্টা চালান। পরে স্ট্রাইকিং ফোর্স ডেকে এনে তাঁদের সরিয়ে দেওয়া হয় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।