বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণ স্বাধীনতা, গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে পলিটব্যুরোর এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি রাশেদ খান মেনন। সভার প্রস্তাবে বলা হয়, বিএনপি-জামায়াত জোট নির্বাচন প্রতিহত করার নামে ব্যাপক সহিংসতা চালায়। জ্বালিয়ে দেয় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পর নজিরবিহীন ঘটনা সত্ত্বেও দেশের গণতন্ত্রকামী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটার উপস্থিতির সংখ্যাতত্ত্ব নিয়ে কুবিতর্ক এ বাস্তবতাকে অস্বীকার করার শামিল। বিজ্ঞপ্তি।