আনন্দবাজার পত্রিকায়: নয়াদিল্লির আশঙ্কা
নির্বাচনের পর চূড়ান্ত অসহযোগিতার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র-ইইউ
৫ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর নিরাপত্তা ও কূটনৈতিক—এ দুই দিক থেকেই বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এ বিষয়ে নয়াদিল্লির কাছে সুনির্দিষ্ট প্রতিবেদন রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাউথ ব্লকে পৌঁছানো প্রতিবেদন অনুযায়ী, ‘এ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তার সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ওপর যার প্রভাব পড়তে বাধ্য। (নির্বাচনের পর) কোনো কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে জামায়াত-সমর্থিত বিএনপি সরকারে এলে বিপুলসংখ্যক অনুপ্রবেশকারী মোকাবিলায় ভারতকে প্রস্তুত থাকতে হবে। তখন শুধু হিন্দুরাই নন, অসংখ্য ধর্মনিরপেক্ষ মুসলমানও বাংলাদেশ ছাড়তে বাধ্য হবেন। তাঁদের সহজ গন্তব্য হবে ভারত।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘পূর্ব উপকূলকে (বাংলাদেশ) কাজে লাগিয়ে ভারতে জঙ্গি পাচার করতে মুখিয়ে রয়েছে আইএসআই। তাই বাংলাদেশ দীর্ঘ মেয়াদে জঙ্গিবাদের দিকে হাঁটুক, এটা কিছুতেই চায় না সাউথ ব্লক।’