খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা প্রতিপক্ষের দোকানপাট-বাড়ি ভাঙচুর ও কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি দোকান ও বাড়ির মালামাল লুট করা হয়। মারধরে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এলাকাবাসী জানান, সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান গাজী আবদুল হালিম নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হালিমের স্ত্রী ফারহানা হালিম নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবদুর রফিক মল্লিক ২২৩ ভোট কম পান। ফলাফল ঘোষণার পর ফারহানার সমর্থকেরা আনন্দ মিছিলের নামে যুবদল নেতা মিলনের বাড়ি, বাবুলের চায়ের দোকান, কামালের বাড়ি, হাজীগ্রাম এলাকার বিএনপি নেতা জিয়াউর রহমানের বাড়িসহ ১৫-১৬টি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করে। রাতে থানা ও স্থানীয় ফাঁড়ির পুলিশ খবর পেয়ে এলাকায় টহল দিলে পরিস্থিতি শান্ত হয়। গত শুক্রবার সকালে বরুইতলা ঘাট এলাকায় আওয়ামী ও যুবলীগের ক্যাডাররা পুনরায় তাণ্ডব চালায়। এ সময় তারা ছাত্র মনির হোসেন, যুবদল নেতা মানিক, কামাল, আনোয়ার হোসেনসহ ১০-১৫ জনকে বেধড়ক মারধর করে। আহতদের মধ্যে আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান অভিযোগ করে বলেন, অল্প ভোটের ব্যবধান কেন—এ অভিযোগ নিয়ে আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান প্রার্থীর ক্যাডাররা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা যাকে যেখানে পাচ্ছে, সেখানেই মারধর করছে এবং এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ও সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনসার আলী প্রথম আলোকে বলেন, রাতে ফলাফল ঘোষণার পরে কিছু উচ্ছৃঙ্খল যুবক এলাকায় কয়েকটি বাড়ি ও দোকান সামান্য ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। শুক্রবার সকালে যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা।এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ফারহানা হালিম বলেন, এলাকায় তেমন কোনো ঘটনা ঘটেনি। তিনি শুক্রবার সকালে এলাকা ঘুরে দেখেছেন। পরাজিত প্রার্থীর লোকজন সামান্য ঘটনাকে বেশি বেশি রং চড়িয়ে এলাকার পরিবেশ অশান্ত করার অপচেষ্টা করছেন।