সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘জনগণ আমাদের সঙ্গে আছে, ৫ জানুয়ারির নির্বাচনের পর মানুষের ভুল ভেঙে গেছে, আগামীতে মানুষ আরও বুঝতে পারবে। এখন আমাদের আরও সংগঠিত হতে হবে।’
গতকাল শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত কাজী আমিনুল হকের স্মরণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সমর্থক আছে, কর্মী আছে, নেতাও আছে; কিন্তু কাজী আমিনুল হকের মতো মানুষ কমে যাচ্ছে। এ রকম ভালো মানুষগুলো আমাদের খুঁজে বের করতে হবে। দু-একজন মন্দ লোকের কারণে আমাদের সুনাম নষ্ট হচ্ছে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি জোনাব আলী ও রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হাসান, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আরিফা সুলতানা প্রমুখ।
বিকেলে মন্ত্রী নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টাইব্রেকারে কুন্দুপুকুর ইউনিয়নের গুরগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এর আগে মন্ত্রী নীলফামারী পৌরসভার উদ্যোগে বড় মাঠে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।