নির্বাচনের পর সরকার কঠোর হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের পর অবরোধকারীদের ব্যাপারে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখার স্বার্থে সরকার এখনো এ বিষয়ে নমনীয়। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের পর কঠোর হবে সরকার।’

সচিবালয়ে আজ রোববার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কানাডা সরকারের উদ্বেগের কথা জানান হিদার ক্রুডেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের পরিস্থিতি বেশি দিন চলতে পারে না এবং চলতে দেওয়া উচিত নয়। দেশের মানুষ অবরোধ সফল করেছে বলে বিএনপি নেতাদের দাবি। কিন্তু এটা সত্য নয়। দেশের মানুষ অবরোধ-হরতাল চায় না।’

খালেদা জিয়ার প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, দেশ সেবা নয়—এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশ সেবা তাঁর লক্ষ্য হলে তিনি কখনোই এ ধরনের কর্মসূচি দিতেন না।’

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর যে মন্ত্রিসভা হবে, সেখানে আমি জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তাব দেব। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নিলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।’ গত দুই মাসে হরতাল-অবরোধে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। চলমান সহিংসতায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।’