নির্বাচনের পর সরকার কঠোর হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের পর অবরোধকারীদের ব্যাপারে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে। তবে, বাংলাদেশে আর কোনো দিন নির্দলীয় সরকার হবে না। সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন সাংবাদিকদের বলেন, বৈঠকে তিনি চলমান সহিংসতায় কানাডা সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখার স্বার্থে সরকার এখনো নমনীয়। আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পর কঠোর হবে সরকার। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, উনি ঠিক করে রেখেছেন যে সংবিধান মানবেন না। দেশ সেবা তাঁর লক্ষ্য হলে তিনি কখনোই এ ধরনের কর্মসূচি দিতেন না। তাঁর লক্ষ্য হচ্ছে আন্দোলন করে ক্ষমতায় যাওয়া। কিন্তু আন্দোলন করে ক্ষমতায় যাওয়া যায় না।
কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মুহিত বলেন, ‘উনি এ নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছি, এটা তো সে রকম নির্বাচন না। বড় দল অংশ নিচ্ছে না। প্রধানমন্ত্রীও আগেই বলে দিয়েছেন, এটাতে পুরো ম্যান্ডেট পাওয়া যাবে না।’ ‘ইউ স্টুপিড, গেট লস্ট’: কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক চলার সময় বারান্দায় অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা। হঠাৎ ‘ইউ স্টুপিড, গেট লস্ট’ বলতে বলতে নিজ কক্ষের সামনে থেকে এক ব্যক্তিকে দূরে চলে যেতে বলেন অর্থমন্ত্রী। অনুমতি না নিয়ে এবং বৈঠক চলাকালীন অর্থমন্ত্রীর কক্ষে গিয়ে নিজেকে ‘দেশের মালিক’ বলে পরিচয় দিচ্ছিলেন ওই ব্যক্তি।
ওই ব্যক্তিকে আটক করার পর বলেন, ‘তিনি দেশের মালিক। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। দেশের মেশিনটি আছে অর্থমন্ত্রীর কাছে। সেটি তিনি নিতে এসেছেন।’
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অপ্রকৃতিস্থ ওই ব্যক্তিকে পরে রাজধানীর শ্যামলীর জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।