গত ৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৩৯ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এঁদের মধ্যে যৌথ বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার ১১ জন। মানবাধিকার সংগঠন অধিকার এ তথ্য উল্লেখ করে বলেছে, এ সময় প্রতিদিন গড়ে একজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
গতকাল শনিবার অধিকার গেল জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে নির্বাচন-পরবর্তী সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে অভিযোগ করা হয়েছে, সারা দেশে নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অনেক সাধারণ মানুষ গণগ্রেপ্তারের শিকার হয়েছেন। মূলত দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এ চিত্র তুলে ধরেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৩৯ জনের মধ্যে ১১ জন বিএনপি ও এর অঙ্গসংগঠন, ১৫ জন জামায়াত ও শিবিরের কর্মী, একজন জাতীয় গণতান্ত্রিক পার্টির, একজন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) এবং অন্যরা কথিত অপরাধী। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে দুর্বৃত্তদের ককটেল ও পেট্রলবোমা হামলায় ২১ জন নিহত এবং ৬৫ জন আহত হন।
অধিকার ৫ জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার ১ নম্বর প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা মৌজার মালোপাড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়টি প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাতলা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৪০টি পরিবার আক্রান্ত হয়। এরই জের ধরে পরদিন ৬ জানুয়ারি মালোপাড়া-সংলগ্ন চাঁপাতলা গ্রামের মুসলমান-অধ্যুষিত পাড়ার চারটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
নির্বাচনের আগে গত ২৭ ডিসেম্বর মালোপাড়া-সংলগ্ন সুন্দলী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী সভায় আওয়ামী লীগের নেতা এবং নবম জাতীয় সংসদে সরকারি দলের হুইপ আবদুল ওহাব বক্তৃতা করেন। যিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে ছিলেন বঞ্চিত, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের উদ্দেশে তাঁকে ভোট না দিলে তাঁদের দেখে নেবেন বলে হুমকি দেন বলে জানা যায়।
অধিকারের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, সংখ্যালঘু-অধ্যুষিত চাঁপাতলা মাদ্রাসা কেন্দ্রে মালোপাড়া এলাকার জন্য নির্ধারিত বুথে ৪০০ ভোটের মধ্যে ভোট পড়ে ২০২টি। এর মধ্যে নৌকা প্রতীকে রণজিত রায় পান ১৩২টি ভোট এবং কলস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল ওহাব ভোট পান ৭০টি। কেন্দ্রে ভোট কম পাওয়ায় গণনার পর চাঁপাতলা মাদ্রাসা এলাকায়ই ওহাবের সমর্থকেরা মালোপাড়ার সংখ্যালঘুদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবেদনে, দিনাজপুরের কর্ণাই গ্রামের ছয়টি হিন্দু বাড়িতে হামলার জন্য বিএনপি ও জামায়াত-সমর্থকদের দায়ী করা হয়। অধিকার থেকে অভিযোগ করা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর প্রতিটি নির্বাচনের পর হামলা চালানোর ঘটনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হওয়ার আশঙ্কা সত্ত্বেও এ ব্যাপারে সরকার ও প্রশাসন নিষ্ক্রিয় ছিল। এই অভিযোগ তুলে অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর সংঘটিত হামলার ঘটনাগুলোর বিচার না হওয়া এবং সেই ঘটনাগুলোর রাজনৈতিকীকরণের কারণে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জানমাল ও উপাসনালয় রক্ষায় সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
সবশেষে অধিকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার কথা উল্লেখ করে এটিকে নিবর্তনমূলক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে।