নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে: সিইসি
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘নিশ্চয়ই’ ভালো আছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘পরিবেশ যে ভালো আছে তা আপনারা (গণমাধ্যম) তো দেখাচ্ছেন। তবে বেশ কিছু জায়গায় মারপিট হয়েছে। বেশ কিছু প্রার্থী আহত হয়েছেন। আবার অনেক জায়গায় ভালো পরিবেশ বিরাজ করছে।’ যেসব এলাকার পরিবেশ ভালো, সেসব এলাকাকে অন্যদের ‘ফলো’ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনের পরিবেশের আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। পর্যাপ্ত বিজিবি, র্যা ব মোতায়েন করা হবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার আগে সিইসি কমিশনার ও অন্যান্যের সঙ্গে বৈঠক করেন।
এদিকে বিকেলে সিইসির সঙ্গে দেখা করার পর বিএনপির একটি প্রতিনিধিদল গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে, গত এক সপ্তাহে পৌরসভা নির্বাচনের পরিবেশের চরম অবনতি হয়েছে। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
রাতে কমিশন থেকে বাড়ি ফেরার আগে সিইসির কাছে বিএনপির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি, রিটার্নিং কর্মকর্তা বদল করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি উন্নয়নে চেষ্টা করছেন। যাঁরা আইন ভঙ্গ করছেন, তাঁরা দেখছেন, এতে করে লাভ হচ্ছে না।
সিইসি বলেন, কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে কোর্টে যাওয়ার সুযোগ আছে।