নির্বাচন নিয়ে মতৈক্যের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন মহাজোটের শরিক দল জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু।গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ মন্তব্য করেন। সম্প্রতি বিদেশ সফরকালে প্রধানমন্ত্রীর দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলার প্রতি ইঙ্গিত করে ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচন নিয়ে মতৈক্য জরুরি। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদীদের রাজনীতি থেকে নির্বাসন দেওয়ার ক্ষেত্রেও মতৈক্য জরুরি হয়ে পড়েছে।’হাসানুল হক ইনু বলেন, ‘দেশে সংঘাতময় রাজনীতিকে যারা নিছক দুই নেত্রীর ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত করেন, তাঁরা আসলে রাজনীতি নিয়ে সরল সমীকরণ করেন। কিন্তু এ সংঘাত আসলে যুদ্ধাপরাধীদের বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে বাঁচানোর লড়াই। এ লড়াই স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচারের লড়াই।’ জাসদের সভাপতি বলেন, ‘আমার কথা শুনতে যতই খারাপ লাগুক, যতই নির্মম মনে হোক, তার পরও আমাকে একটি কথা বলতে হবে। আর সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া যদি যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের রাজনীতিতে প্লাস করতে চান, তাহলে তাঁকে মাইনাস হতে হবে। এটা আজকের রাজনীতির কঠিন বাস্তবতা।’তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করবেন না। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদীদের বর্জন করবেন।’ ইনু আরও বলেন, ‘মহাজোট সরকারের ছাতার নিচে দলবাজ-দখলবাজ-টেন্ডারবাজ-দুর্নীতিবাজেরা আশ্রয় নিয়েছে। তাদের বোঝা প্রধানমন্ত্রীর কাঁধ থেকে যত দ্রুত সম্ভব নামিয়ে ফেলতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মানুষের মুখে হাসি ফোটাতে হবে।’