নির্বাচনের প্রধান বাহন নছিমন-করিমন!
পাবনার সাঁথিয়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচন-সংক্রান্ত কর্মকাণ্ডে চলাচলের প্রধান বাহন হয়ে উঠেছে সরকারিভাবে নিষিদ্ধ নছিমন-করিমন। এ উপজেলায় এবারের ইউপি নির্বাচনে রয়েছে ৯৩টি ভোটকেন্দ্র। গতকাল শুক্রবার দেখা গেছে, এসব ভোটকেন্দ্রে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মালামাল বহন-সংক্রান্ত যাবতীয় কাজে ব্যবহৃত হচ্ছে নছিমন-করিমন।
সাঁথিয়া উপজেলা পরিষদে গতকাল সরেজমিনে দেখা যায়, সারি সারি নছিমন-করিমন দাঁড় করিয়ে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজে ব্যস্ত সবাই। প্রতিটি নছিমন-করিমনের সামনে সাঁটানো কাগজে বড় বড় হরফে লেখা রয়েছে ভোটকেন্দ্র ও ইউনিয়নের নাম। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নির্ধারিত নছিমন-করিমনে উঠে রওনা দিচ্ছেন নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে।
ঘুঘুদহ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মালামাল ও লোকজনসহ তাঁরা নছিমনে করেই ভোটকেন্দ্রে যাবেন। ভোট শেষে সেখান থেকে ফিরবেনও এই যানে করেই। যে নছিমনে তাঁরা যাবেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আগে থেকেই তা নির্ধারণ করে রাখা হয়েছে।
ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় থাকা করিমনের চালক রতন মিয়া, নেদু খন্দকার, নজরুল ইসলাম, বিল্লাল হোসেনসহ পাঁচ-ছয়জন বলেন, গত মঙ্গলবার পুলিশ ভোটকেন্দ্রে যাওয়ার জন্য তাঁদের বলে রাখে। ওই সময় পুলিশ তাঁদের মুঠোফোনগুলোও নিয়ে নেয়। পুলিশের নির্দেশ অনুযায়ী তাঁরা নিজ নিজ পরিবহন নিয়ে গতকাল সকাল সাতটার দিকে উপজেলা পরিষদে আসেন।
সাঁথিয়ার ইউএনও ও নির্বাচন সমন্বয়কারী শফিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে মালামাল ও লোকজন বহনের জন্য নছিমন-করিমন ব্যবহার করতে হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এগুলো সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।
সাঁথিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি বলেন, ভোটকেন্দ্রে যাতায়াত বাবদ বাজেট খুব একটা বেশি না। এই বাজেটে ৯৩টি ভোটকেন্দ্রের জন্য আলাদা আলাদা মাইক্রোবাস বা অন্য কোনো যানবাহনের ব্যবস্থা করা সম্ভব নয়। নছিমন-করিমন সহজলভ্য ও স্বল্প খরচে পাওয়া যায়। এ ছাড়া এগুলোর ধারণক্ষমতাও বেশি। এ জন্য নছিমন-করিমন ব্যবহার করা হচ্ছে।