জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানো গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় কমিশনের পক্ষ থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জাতিসংঘের এই প্রতিনিধিকে জানানো হয়।দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে অস্কার ফার্নান্দেজ চার দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন বলে জানা গেছে। কমিশন সচিবালয় সূত্র জানায়, দুপুরের পর সিইসির কক্ষে বৈঠক হয়। এতে অস্কার ফার্নান্দেজের সঙ্গে ছিলেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা দেন হিতোকো ও ক্রেইগ জেনেস। কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সিইসি ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম।সূত্র জানায়, বৈঠকে কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজের অগ্রগতি, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং নির্বাচনী আইনের সংস্কার অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিকে জানানো হয়। বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।