নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে অংশ নিতে পারে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের শরিক জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি কাউন্সিলর পদে প্রার্থী বাছাইসহ ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটি নামে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে।এই কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতের নীতিনির্ধারকেরা ডিসিসি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে, নির্বাচনের ব্যাপারে জোটের প্রধান শরিক বিএনপির মনোভাব ও কৌশল জানার পরই তাঁদের দলীয় অবস্থান প্রকাশ করা হবে।দলটির একাধিক সূত্র জানায়, মেয়র পদ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ এলাকার অন্তত ৪০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সে লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এর মধ্যে ২৫ জন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ নির্বাচনে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি দলের ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মনে হয় জনগণ আওয়ামী লীগকে বিনা চ্যালেঞ্জে আর ছেড়ে দেবে না।’তাহলে কি জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? এ প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‘জামায়াতের মতো দলের কি নির্বাচনের আলাদা প্রস্তুতি লাগে? আমরা সব সময় নির্বাচনমুখী।’সূত্র জানায়, ডিসিসি নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার বিষয়ে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত এবং নির্বাচনের ধরন দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত। এ ছাড়া সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে ডিসিসি নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে চারদলীয় জোটের বৈঠক আহ্বান করা হতে পারে বলে জানা গেছে।দলটির আরেক নেতা জানান, ডিসিসি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জোটগত সিদ্ধান্ত হলে, সে ক্ষেত্রে কাউন্সিলর পদে বিএনপির কাছে সুনির্দিষ্ট কিছু ওয়ার্ডে জামায়াত একক প্রার্থী দেওয়ার প্রস্তাব দেবে। তাতে বিএনপি রাজি না হলে জামায়াত ৪০টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার কথা ভাবছে। ডিসিসি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে জামায়াত মাস খানেক আগে থেকে বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কর্মসূচি ও অসহায় ব্যক্তিদের সহায়তার নামে নানা কায়দায় নির্বাচনী তৎপরতা চালাচ্ছে। জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও দলের ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম তা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘দাওয়াতি কাজের ফাঁকে ফাঁকে কর্মীরা যতটা সম্ভব পারছে, ঝুঁকি নিয়ে নির্বাচনের কাজ করছে।’