নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সময়মতোই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সিইসি বলেন, সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। তফসিল ঘোষণার পর কারও যাতে কোনো সমস্যা না হয় সে জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে ক্ষেত্রে তা প্রভাব ফেলবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি সবাইকে ‘যদি-টদি’ নিয়ে চিন্তা না করার পরামর্শ দেন। তিনি বলেন, কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং সময়মতোই তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকালে সিইসির সভাপতিত্বে কমিশনের সভা হয়। সভাসূত্র জানায়, সভায় দশম সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের ভোটকক্ষের বা বুথের নিরাপত্তার জন্য প্রচলিত চটের বদলে ভোটিং স্কিন পেপারের ব্যবহার, স্থানীয় ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, থানাভিত্তিক ভোটার তালিকা স্পষ্টকরণ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নিবন্ধন নিয়ে আলোচনা হয়। সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।