আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টিয়ে অনিয়মের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা সরকারের নেই। সব দলের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনে সরকার গঠন হবে।ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের আওতায় দুস্থ এলসিএস মহিলাদের সঞ্চয়ের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, কোন নামের সরকার তা বড় কথা নয়, নিরপেক্ষ নির্বাচনই বড় কথা। নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ তা দেখতে হবে। জনগণের হাওয়া যাঁদের অনুকূলে যাবে তাঁরাই সরকার গঠন করবেন। তাঁরাই জনপ্রতিনিধি হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। বক্তব্য দেন এসপি আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, আ.লীগের সভাপতি খিজির হায়াত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এ বি এম নাজমুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।