নির্বাচনের বছরে ইচ্ছাপূরণ প্রকল্প
>
- চলতি অর্থবছরে তিন প্রকল্প পাস, আরও তিনটি অপেক্ষায়
- স্কুল, মাদ্রাসা, মসজিদ-মন্দির নির্মাণে সাংসদদের বিশেষ বরাদ্দ
- সাংসদের ইচ্ছায় নতুন মাধ্যমিক স্কুল ভবন নির্মাণ ১০টি
- মসজিদ-মন্দির নির্মাণে বরাদ্দ ১ কোটি টাকা
- পরিকল্পনা কমিশনে মাদ্রাসা, হাটবাজার, গণশৌচাগার নির্মাণের প্রকল্প প্রস্তাব
- আট বছর ধরে রাস্তাঘাট তৈরিতে বরাদ্দ পেয়ে আসছেন সাংসদেরা
নির্বাচনের বছরে নিজের এলাকায় কোথায় কী হবে, তা সাংসদেরাই ঠিক করে দিচ্ছেন। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির—সবকিছুর জন্য বিশেষ বরাদ্দ পাচ্ছেন তাঁরা। সাংসদের ইচ্ছায় নিজের সংসদীয় এলাকায় এসব ভবন নির্মাণের জন্য চলতি অর্থবছরেই তিনটি প্রকল্প পাস করা হয়েছে। এমন আরও তিনটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। ভোটারদের মন জয় করতেই স্কুল, মাদ্রাসা, মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
পাস হওয়া তিন প্রকল্পে ১৬ হাজার ৫৫১ কোটি টাকা খরচ হবে। দুটি প্রকল্পের মাধ্যমে প্রতিটি সংসদীয় আসনে ১০টি নতুন স্কুল ভবন ও ১০টি স্কুল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। আরেকটি প্রকল্পে ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রত্যেক সাংসদ পাবেন এক কোটি টাকা। নিজের এলাকায় কোন জায়গায় স্কুল, মসজিদ, মন্দির নির্মাণ করতে হবে, তা তাঁরাই সব ঠিক করে দেবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাংসদদের চাহিদামতো তা বানিয়ে দেবে।
সাংসদদের ইচ্ছা অনুযায়ী মাদ্রাসা, গণশৌচাগার, হাটবাজার নির্মাণের জন্য আরও তিনটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে। এই তিনটি প্রকল্পে প্রস্তাবিত খরচ ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি।
সাংসদদের জন্য আলাদা বরাদ্দের প্রকল্প এবারই নতুন নয়। আট বছর ধরে রাস্তাঘাট নির্মাণের জন্য প্রতিবছর ৩ থেকে ৫ কোটি টাকা করে বরাদ্দ পেয়ে আসছেন সাংসদেরা। এবার নির্বাচনের বছরে রাস্তাঘাটের পাশাপাশি স্কুল, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ—সব উন্নয়নই হবে সাংসদদের ইচ্ছায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব প্রকল্পে আগামী এক বছরে ঠিকাদার নিয়োগ হয়ে যাবে, ভবন নির্মাণ কাজও শুরু হয়ে যাবে। নির্মাণকাজ শেষ না হলেও ভবন দৃশ্যমান হবে, যা ভোটার আকৃষ্ট করতে বাড়তি মনোযোগ পাবে। হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, সবগুলোই ভোটের প্রকল্প। বর্তমান সাংসদদের অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই আগামী নির্বাচনের আগে নিজেদের এলাকায় তাঁরা ভোটব্যাংক তৈরি করতে চাচ্ছেন। তিনি মনে করেন, প্রয়োজনীয়তা বিবেচনা না করেই অপরিকল্পিতভাবে সাংসদের ইচ্ছায় স্কুল-মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। এভাবে প্রকল্প নেওয়ার ফলে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকারগুলো অকার্যকর হয়ে গেল। সাংসদেরা আইন প্রণয়নের সাংবিধানিক দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে প্রকল্প বাস্তবায়নের কাজে নেমে পড়েছেন।
উল্লেখ্য, বর্তমানে সারা দেশে ৩২৭টি সরকারি ও ১৯ হাজার ৬৫৭টি মাধ্যমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে ৯১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।
স্কুল, মসজিদ, মন্দির
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ১৬ জানুয়ারি পাস হয় ১০ হাজার ৬৪৯ কোটি টাকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক স্কুল ভবন নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে ৩ হাজার বেসরকারি মাধ্যমিক স্কুল ভবন নির্মাণ করা হবে। প্রত্যেক সাংসদ নিজের এলাকায় ১০টি করে স্কুল ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাবেন। ভবন নির্মাণের পাশাপাশি বেঞ্চ, টেবিল, চেয়ারসহ যাবতীয় আসবাব তৈরি করে দেওয়া হবে।
এই প্রকল্পে সাত ধরনের ভবন নির্মাণ করা হবে। সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২ হাজার ১৫০টি চারতলা স্কুল ভবন, সিটি করপোরেশন এলাকায় ১০০টি ছয়তলা ভবন, পাহাড়ি এলাকায় ৫০টি চারতলা ভবন, উপকূলীয় এলাকায় ১৫০টি পাঁচতলা ভবন (নিচতলা ফাঁকা থাকবে), হাওর-বিল এলাকায় ৫০টি পাঁচতলা ভবন (নিচতলা ফাঁকা থাকবে), লবণাক্ত এলাকায় ১৭৫টি চারতলা ভবন এবং নদীভাঙন এলাকায় ২৫টি সেমিপাকা ভবন হবে, যাতে তা প্রয়োজনের সময় ভেঙে নেওয়া যায়।
নতুন স্কুল ভবনের পাশাপাশি প্রত্যেক সাংসদের ইচ্ছায় ১০টি করে স্কুলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। গত ৯ জানুয়ারি ৫ হাজার ২৩৭ কোটি টাকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প পাস হয়।
দুটি প্রকল্পই বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রকল্প দুটির মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত। ইতিমধ্যে কোন কোন স্কুলের নতুন ভবন নির্মাণ কিংবা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে, তা জানিয়ে সাংসদেরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আধা সরকারি পত্র পাঠাতে শুরু করেছেন।
প্রকল্প দুটি সম্পর্কে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মদ হানজালা প্রথম আলোকে বলেন, শিগগিরই ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণসংক্রান্ত সরকারি আদেশ হবে। এরপর দরপত্র আহ্বান করা হবে। তিনি আরও বলেন, সাংসদেরাই ঠিক করে দিচ্ছেন কোন দশটি স্কুল ভবন নির্মাণ করতে হবে। আবার তাঁরাই ঠিক করেছেন, কোন স্কুল ভবনগুলো চারতলা, পাঁচতলা করতে হবে। যে স্কুল ভবনগুলোর ভিত্তি যত তলার, তত তলা নির্মাণ করা হবে।
গত সেপ্টেম্বর মাসে ৬৬৫ কোটি টাকার সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাস করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সাংসদেরা নিজের এলাকায় পছন্দের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, ঈদগাহ, শ্মশানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ পাচ্ছেন। এমনকি খেলার মাঠ উন্নয়নেও বরাদ্দ থাকবে। প্রতিটি উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে এক কোটি টাকা খরচ করা হবে।
আসছে আরও তিন প্রকল্প
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সারা দেশে ২ হাজার মাদ্রাসা ভবন নির্মাণের জন্য সাড়ে ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনের জমা আছে। এই প্রকল্পের আওতায় প্রত্যেক সাংসদ নিজের এলাকায় নিজের পছন্দে ছয়টি করে মাদ্রাসা ভবন নির্মাণের সুযোগ পাবেন। একই প্রকল্পে আরও ২০০ মাদ্রাসা নির্মাণের সংস্থান রাখা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রীদের ইচ্ছা অনুযায়ী এসব মাদ্রাসা ভবন নির্মাণ করে দেওয়া হবে। ইতিমধ্যে পরিকল্পনা কমিশন প্রকল্প প্রস্তাব নিয়ে প্রাক্-মূল্যায়ন কমিটির (পিইসি) সভাও হয়েছে।
সাংসদদের মাধ্যমে বরাদ্দ দেওয়ার আরও দুটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে। একটি প্রকল্পে প্রত্যেক সাংসদের নিজের এলাকার জন্য নলকূপ ও গণশৌচাগার নির্মাণের জন্য গড়ে তিন কোটি টাকা বরাদ্দ আছে। তাতে প্রস্তাবিত খরচ ধরা হয়েছে ৯০৩ কোটি টাকা। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন শীর্ষক আরেকটি প্রকল্পে সাংসদেরা নিজের এলাকায় পছন্দমতো হাটবাজার উন্নয়নে বরাদ্দ পাবেন। ওই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ১ হাজার ৭৮৫ কোটি টাকা।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, সাংসদদের ভোটের জন্য যেতে হয়। জনগণের সঙ্গে ঘোরাফেরা করতে হয়। তাই সাংসদদের ইচ্ছা স্কুল, মসজিদ-মন্দির নির্মাণের বিষয়টি ঠিকই আছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক অর্থনীতি অস্বীকার করা যাবে না। তাঁর মতে, প্রকল্পগুলো মানসম্পন্ন হচ্ছে কি না সেটা দেখতে হবে। গ্রামীণ রাস্তাঘাট, স্কুল, মসজিদ—এগুলো মানসম্পন্ন হলে গ্রামের জনগণ তা ভালো চোখে দেখে। খারাপ হলে কষ্ট পায়।
প্রসঙ্গত, একই ধরনের রাস্তাঘাট নির্মাণের একটি প্রকল্প ২০১০ সাল থেকে চলমান আছে। সেই প্রকল্পের প্রথম পর্যায়ে পাঁচ বছরে প্রত্যেক সাংসদ ১৫ কোটি টাকা পেয়েছেন। বছরে পেয়েছেন ৩ কোটি টাকা। এখন প্রকল্পের দ্বিতীয় পর্যায় চলছে, ২০১৯ সালে শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক সাংসদ ২০ কোটি টাকা পাচ্ছেন, বছরে বরাদ্দ ৫ কোটি টাকা। তবে এই প্রকল্পটি মূল্যায়ন কিংবা প্রভাব যাচাই করতে কোনো পরিদর্শন করেনি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।