নির্বাচনের বিকল্প নেই: কাজী জাফরউল্যাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কাজী জাফরউল্যাহ বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনের বিকল্প কিছু নেই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে।

মহান বিজয় দিবসে আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের জাফরউল্যাহ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার; কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের অনেকে এক হয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় দেশের মানুষকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই কারণে আমরা এ নির্বাচন করছি।’

সংলাপের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সংলাপের বিকল্প নেই। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আমরা এখনো দরজা খোলা রেখেছি।’

যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের ব্যাপারে জাফরউল্যাহ বলেন, বাংলার মাটিতে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হয়েছে। বাকিদের রায়ও কার্যকর করা হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ সময় বলেন, বিএনপিকে সামনে রেখে জামায়াত দেশে বিভিন্ন স্থানে নাশকতামূলক কাজ করছে। জামায়াতের কারণে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারছে না। বিএনপি নির্বাচনে না এসে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। বোমাবাজির মাধ্যমে তারা নির্বাচন ঠেকাতে পারবে না।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহসিন উদ্দীন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।