খালেদা জিয়ার নেতৃত্বে দেশে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে। গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। বিএনপি নির্বাচনে না এলে সরাবন তহুরা পান করে ঘরে ঘুমিয়ে থাকুক। মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল মঙ্গলবার নবনির্মিত ত্রুটিপূর্ণ থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সাবেক মহিলা সাংসদ হোসনে আরা ওয়াহিদ, সিলেট রেঞ্জের ডিআইজি মখবুল হোসেন ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, দুই কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ থানা ভবন নির্মাণের কাজ পেয়েছিল ঢাকার আতা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাত-আট মাস আগে সাব-ঠিকাদার হিসেবে কাজের দায়িত্ব নেন স্থানীয় ফাতেমা কনস্ট্রাকশনের মালিক জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদ। তিনি এ ভবনটির নির্মাণকাজ শেষ করেন। ভবনটিতে ফাটল সম্পর্কে ২০ অক্টোবর একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তড়িঘড়ি করে ফাটল ঢেকে উদ্বোধনের উপযোগী করে তোলা হয়।