প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা
নির্বাচনের বিশ্বাস যোগ্যতা বাড়ছে
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিককালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এ দেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও উত্তরোত্তর বাড়ছে।
কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা গতকাল সোমবার প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে তাঁর এ মূল্যায়ন তুলে ধরেন। তবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংকট কাটাতে কমনওয়েলথ মহাসচিবের দপ্তর সহায়ক শক্তি হিসেবে কাজ করতে তৈরি আছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর একটি হোটেলে প্রায় ৩০ মিনিটের আলাপচারিতায় কমলেশ শর্মা কমনওয়েলথের মূল্যবোধ ও পরিবর্তিত বিশ্বে এর প্রাসঙ্গিকতা, বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন এবং গত পাঁচ বছরে এই সংস্থায় তাঁর ভূমিকা নিয়ে কথা বলেন। ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে অংশ নিতে কমলেশ শর্মা গত রোববার ঢাকায় আসেন।
কমনওয়েলথের পঞ্চম মহাসচিব হিসেবে কমলেশ শর্মা ২০০৮ সালের এপ্রিলে দায়িত্ব নেন। ভারতীয় এই কূটনীতিক ২০০১ সালে অবসর নেওয়ার আগে জাতিসংঘে তাঁর দেশের স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশংসা: কমলেশ শর্মা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন, বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাফল্য যথেষ্ট আকর্ষণীয়। ভোটার তালিকাকে একটি বিশেষ অর্জন হিসেবে বলা যায়, যা অন্য যেকোনো দেশ দৃষ্টান্ত হিসেবে নিতে পারে। তা ছাড়া বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা উত্তরোত্তর বাড়ছে।
কিন্তু বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কমলেশ শর্মা বলেন, নির্বাচনের পর পরাজিত পক্ষের অভিযোগ কিংবা সংসদ বর্জন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে জনপ্রতিনিধিদেরই এ সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। জনগণ রাজনীতিবিদদের ভোট দিয়ে নির্বাচিত করেন, যাতে তাঁরা জাতীয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো নিয়ে সংসদে আলোচনায় অংশ নেন। তবে সংসদে রাজনীতিবিদেরা কী ভূমিকা রাখবেন, কোন প্রক্রিয়ায় অংশ নেবেন, সেটি সদস্যদেশের অভ্যন্তরীণ বিষয়।
মধ্যস্থতা নয়, সহায়তাকারী: আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরের মতবিরোধ এখনো কাটেনি। অতীতের মতো কমনওয়েলথ এ বিষয়ে মধ্যস্থতা করবে কি না, জানতে চাইলে ‘মধ্যস্থতা’ শব্দটি নিয়ে আপত্তি তোলেন কমলেশ শর্মা। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে যেকোনো দেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কমনওয়েলথ মহাসচিবের দপ্তর সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করতে সব সময় তৈরি আছে। তবে এ ক্ষেত্রে মূল নীতি হচ্ছে, সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কতটা আছে, সেটি খতিয়ে দেখা। বিভিন্ন সময় বিভিন্ন দেশে পরিস্থিতি উত্তরণের জন্য কমনওয়েলথ মহাসচিবের দপ্তর সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।
আইনের শাসন: কমলেশ শর্মা মনে করেন, কমনওয়েলথভুক্ত সব সদস্যদেশেরই আইনের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা রয়েছে। তবে সবার পরিস্থিতি এক নয়। তবে সদস্যদেশগুলোর অংশীদার হিসেবে দেশে দেশে আইনের শাসনকে টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে থাকে কমনওয়েলথ। কারণ, দেশগুলোর অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক সামর্থ্য জোরদার হলেই আইনের শাসন টেকসই হবে। তাই বিভিন্ন দেশে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, গণমাধ্যম, বিচার বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে কমনওয়েলথ। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে অন্য দেশগুলোর চেয়ে কমনওয়েলথের সদস্যদেশগুলো এগিয়ে আছে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: কমনওয়েলথের মানবাধিকারসংক্রান্ত মূল্যবোধগুলো সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশ খুব দ্রুত সাফল্য অর্জন করেছে মন্তব্য করে কমলেশ শর্মা বলেন, দক্ষিণ এশিয়ার মানবাধিকার প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা অগ্রগণ্য। বিশেষ করে মানবাধিকার সমুন্নত রাখতে প্রভাবকের ভূমিকা পালনকারী সামাজিক সূচকগুলোতে (মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধ, নারীশিক্ষার হার বৃদ্ধি, ক্ষুধা নিবারণ) বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। নারীর ক্ষমতায়নেও বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়।
আর্থসামাজিক প্রেক্ষাপটে সাফল্য থাকলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ নানা কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সব দেশেরই তার নিজের মতো করে সমস্যার সমাধান করতে হয়। সব ক্ষেত্রেই সবার পরিস্থিতি এক নয়। সমস্যা দূর করতে কমনওয়েলথের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে এ ক্ষেত্রে সরকার, গণতান্ত্রিক নেতৃত্ব, জনগণ ও প্রতিষ্ঠানকেই সমস্যার সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করি আমরা।
কমলেশ শর্মা বলেন, একসময় কমনওয়েলথের মূল চেতনা ছিল গণতন্ত্র ও উন্নয়ন। এখন আমরা গণতন্ত্র ও উন্নয়নের পাশাপাশি বৈচিত্র্যের ঐক্যকে সংস্থার চেতনা হিসেবে গণ্য করছি। কারণ, প্রতিনিয়ত বিশ্বে স্বাধীনতা ও শান্তিপূর্ণ জীবনযাপনের চ্যালেঞ্জ বাড়ছে। তাই এই তিনটি ক্ষেত্রে অবদান রাখতে কমনওয়েলথ নিজেকে তৈরি রেখেছে।