নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গণতন্ত্রের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদউদ্দিন মাহমুদ
ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে প্রায়ই বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে বিশেষত সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। জাতিসংঘের হিসাবমতে, পৃথিবীর মোট প্রায় ২০০টি দেশের মধ্যে ১৫০টির কাছাকাছি সংখ্যক দেশে এখন বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজেই নির্বাচন কী করে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তার উদাহরণ খুঁজে পাওয়া কোনো সমস্যা নয়। তবে আমাদের শিক্ষা নিতে হবে এমন সব দেশের অভিজ্ঞতা থেকে, যেগুলো আর্থসামাজিক উন্নয়ন ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আমাদের সমপর্যায়ের। মুশকিল হলো সে ক্ষেত্রে আমাদের উপযোগী অনুকরণীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া খুব সহজ নয়।

নিম্ন আয়ের দেশ বা যেসব দেশে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, সেসব দেশের অভিজ্ঞতা আমাদের জন্য বিশেষভাবে বিবেচ্য। কারণ, বাংলাদেশ এ দুই শ্রেণীর দেশের মধ্যেই পড়ে। বিগত দু-তিন দশকের সে অভিজ্ঞতা কী বলে? নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া স্থায়ী রূপ নিয়েছে এমন দৃষ্টান্ত এতই বিরল যে ব্যতিক্রমগুলোই চোখে পড়ে। নিম্ন আয়ের দেশের মধ্যে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার সম্ভবত একমাত্র দৃষ্টান্ত হলো ভারত, যে দেশটি কেবল সম্প্রতি মধ্য আয়ের দেশের শ্রেণীতে উন্নীত হয়েছে। এর পেছনে কাজ করেছে দেশটির দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য, শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারসহ রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য।

সাম্প্রতিক কালে পূর্ব এশিয়ার মধ্য-আয়ের কয়েকটি দেশ স্থিতিশীল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কিছুদূর এগিয়েছে। ফিলিপাইনে মার্কোসের পতনের পর প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট কোরাজন একুইনো তাঁর প্রথম মেয়াদের পর ১৯৯২ সালের নির্বাচনে পরাজয় মেনে নিয়ে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেন। থাইল্যান্ডের বহুদলীয় গণতন্ত্র সাম্প্রতিক কালের রাজপথের সহিংস আন্দোলন, নির্বাচন বর্জন, পরোক্ষ সামরিক হস্তক্ষেপ ইত্যাদি ঝুঁকির মধ্যে টিকে আছে। তবে ইন্দোনেশিয়ার গণতন্ত্রের ইতিহাস দীর্ঘ না হলেও বেশি সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। সেখানে ১৯৯৮ সালে স্বৈরশাসক সুহার্তোর পতনের পর শাসনক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ করা হয় এবং এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিধান করা হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধিয়োনো ২০০৪ সালের শান্তিপূর্ণ নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মেগাবতী সুকর্ণপুত্রীকে হারিয়ে দেন। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেও আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।

১৯৮০-এর দশক থেকে শুরু করে বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা ঢেউ এসেছিল। ৩০টির বেশি দেশ সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটেছিল। কিন্তু পরবর্তী সময়ে এর মধ্যে ২০টির বেশি দেশেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক কর্তৃত্ব ফিরে এসেছে। তবে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হলো পাকিস্তানে সম্প্রতি নওয়াজ শরিফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের মাধ্যমে সে দেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন। এটি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ঘটনা, যদিও একধরনের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনেই এটা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশে ১৯৯১ সাল থেকে বর্তমান সরকারকে নিয়ে চারটি নির্বাচিত সরকার মেয়াদ পূর্ণ করতে পেরেছে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিয়মিতভাবে ক্ষমতার পালাবদল হয়েছে; আন্তর্জাতিক অভিজ্ঞতার বিচারে একে একটি বড় অর্জন বলা চলে। অবশ্য এটাও লক্ষণীয় যে এ দেশের ইতিহাসে একমাত্র ২০০১ সালেই সাংবিধানিক ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে।

সবাই যেন হাসিমুখে ভোট দিতে আসে। ছবি: জিয়া ইসলাম
সবাই যেন হাসিমুখে ভোট দিতে আসে। ছবি: জিয়া ইসলাম

প্রায় তিন দশক আগে বিশ্বব্যাপী নতুন করে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল পরবর্তী সময়ে তার পশ্চাদ্পসরণের কারণ কী? অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে একবার নির্বাচিত হলে ক্ষমতাসীন দল আর ক্ষমতা ছাড়তে চায় না। নির্বাচিত সরকার অনেক ক্ষেত্রেই কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয় এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অন্যায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর পরিণতিতে রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে দেখা দেয় অদক্ষতা, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়। নির্বাচন-প্রক্রিয়াও আর বিশ্বাসযোগ্য থাকে না।

সাম্প্রতিক কালের জিম্বাবুয়ে, কেনিয়া বা নাইজেরিয়ার মতো দেশের নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলা যায় যে নিজেদের পক্ষে জনসমর্থন থাকলেও ভোটের কারচুপির কারণে বিরোধী দলের পক্ষে জয়লাভ করা খুব কঠিন। ক্ষমতাসীন দলকে আদৌ হারাতে হলে প্রয়োজন বিশাল ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা। এর পরও এ ধরনের অধিকাংশ ক্ষেত্রে সরকার পরিবর্তন হয়েছে নির্বাচন-পরবর্তী রাজপথের আন্দোলনের মাধ্যমে। উদাহরণস্বরূপ পেরু ও সার্বিয়া ২০০০ সালের নির্বাচন এবং ইউক্রেনের ২০০৪ সালের নির্বাচনের ক্ষেত্রে এমনটিই ঘটেছিল। বাংলাদেশের ১৯৯৬ সালের বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত একদলীয় নির্বাচনও এমন আরেকটি উদাহরণ।

অনেক দেশে কোনো একটি দলের একক প্রাধান্য বিস্তারের ফলেও গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে সরকারকে জবাবদিহি করা বা তার জনপ্রিয়তা যাচাই করার সুযোগ থাকে না। সেদিক থেকে বড় দুটি দল থাকার কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। তবে দলের ভেতরে গণতন্ত্রের চর্চা না থাকলে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয়ী হয়েও যে নির্বাচিত সরকার কর্তৃত্ববাদী আচরণ করতে পারে বাংলাদেশ তার প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের এযাবৎকালের বহুদলীয় গণতন্ত্রের অভিজ্ঞতা থেকে আরও একটি শিক্ষা নেওয়া যায়। দলীয় অনুসারীদের মধ্যে অন্যায় সুযোগ-সুবিধা বণ্টনের ওপর ভিত্তি করেই যদি বড় দলগুলো সংগঠিত হয় তবে এ প্রক্রিয়ার অবশ্যম্ভাবী ফল হিসেবে রাষ্ট্রের সব অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলোরও দলীয়করণ ঘটে। এর ফলে গণতান্ত্রিক সুশাসন যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি নির্বাচনকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিরও সৃষ্টি হয়।

অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নতি ঘটাতে পারলে ক্ষমতাসীন দল সত্যিকার জনসমর্থনের ভিত্তিতেই যে একক দলীয় প্রাধান্য ধরে রাখতে পারে তার নজিরও আছে। যেমন ইতিপূর্বেকার মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন মালয়েশিয়া। অবশ্য ২০১৩ সালের নির্বাচনে প্রথমবারের মতো আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধী দলের জেতার সম্ভাবনা দেখা দেয় এবং পরবর্তী সময়ে দলটির পক্ষ থেকে নির্বাচন-সংক্রান্ত অনিয়মের অভিযোগ করা হয়। আর একটি লক্ষণীয় বিষয় হলো সে দেশের ক্ষমতাসীন দলটির ভেতরে মাহাথির-পরবর্তী সময়ে গণতান্ত্রিকভাবে দলনেতা নির্বাচন। দক্ষিণ আফ্রিকাতেও ক্ষমতাসীন প্রধান দলের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বদল হয়েছে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করলে সংগতভাবেই একটি তাত্ত্বিক প্রশ্ন তোলা যায়: দলের ভেতর গণতন্ত্র থাকলেও যদি ক্ষমতাসীন দলের একক প্রাধান্য থাকে আর একাধিক বড় দল থাকলেও দলের নেতৃত্ব যদি কর্তৃত্ববাদী হয় তাহলে কোনটি গণতন্ত্রের জন্য বেশি ক্ষতিকর?

নির্বাচনকে বিশ্বাসযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলা হয়। এ ক্ষেত্রে ভারতের সাফল্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায়, কাজটি মোটেই সহজ নয়। বাংলাদেশ থেকে অনেক উন্নত একটি উচ্চ-মধ্য আয়ের দেশ মেক্সিকোর কথা ধরা যাক। সে দেশে সুদীর্ঘ সময় ধরে একটি দল ক্ষমতায় থাকার পর ১৯৯০-এর দশকে জনমতের চাপে নির্বাচনব্যবস্থার ব্যাপক সংস্কার করা হয়। এর মধ্যে ছিল নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও দলীয় প্রভাবমুক্ত করা, নির্বাচন-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপন এবং নির্বাচন কমিশনের অধীনে দক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি আলাদা প্রশাসনিক ক্যাডার প্রবর্তন। এর ফলে ১৯৯৭ সালের জাতীয় সংসদ নির্বাচনে আধুনিক মেক্সিকোর ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভিনসেন্ট ফক্স বিরোধী দলের প্রার্থী হিসেবে জয়ী হন।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রীতিনীতি সুরক্ষার ক্ষেত্রে একটি স্বাধীন ও সক্রিয় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য। এ ক্ষেত্রে ভারতের বিচার বিভাগের অনেক যুগান্তকারী পদক্ষেপ আছে। তবে ভারতকে ব্যতিক্রম হিসেবে ধরলে অন্যান্য গণতন্ত্রকামী দেশের উদাহরণ আমাদের জন্য বেশি প্রাসঙ্গিক হবে। যেমন আফ্রিকায় গণতন্ত্র চর্চার ক্ষেত্রে ঘানাকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। সে দেশে ১৯৯২ সালে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পর দুবার গণতান্ত্রিকভাবে শাসনক্ষমতার হাতবদল হয়েছে। তার পরও সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জন মানামা বিজয়ী হলে প্রধান বিরোধী দলের প্রার্থী নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিচার প্রার্থনা করেন। দীর্ঘ নয় মাস ধরে চলা এ মামলার প্রকাশ্য শুনানি ঘানার নাগরিকদের জন্য হয়ে দাঁড়ায় এক অভিনব উপায়ে গণতন্ত্র পাঠ। অবশেষে গত আগস্ট মাসে বিচারকেরা সংখ্যাগরিষ্ঠ রায়ে নির্বাচনের ফলাফলের বৈধতার পক্ষে সিদ্ধান্ত দেন, যদিও তাঁরা একই সঙ্গে নির্বাচন কমিশনের বিষয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন। বিরোধী দলের প্রার্থী কোনো আন্দোলনে না গিয়ে পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী সে রায় মেনে নিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন।

অথচ আফ্রিকার অন্য একটি দেশ কেনিয়ার সাম্প্রতিক অভিজ্ঞতা এর ঠিক বিপরীত। সেখানে গত মার্চের বিতর্কিত নির্বাচনের ফলাফলকে দ্রুত বৈধতা দিয়ে রায় দিয়েছেন সরকারের বশংবদ বিচারিক আদালত, যদিও তার ফলে সে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান হয়নি। প্রসঙ্গত, এ নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা পাঁচ বছর আগের আরেকটি বিতর্কিত নির্বাচন উপলক্ষে সংগঠিত ব্যাপক গোষ্ঠীগত দাঙ্গায় নেতৃত্বদানের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কর্তৃক অভিযুক্ত একজন আসামি।

বিশ্বব্যাপী নানা অভিজ্ঞতার বিচারে এটাই বলা যায় যে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার কোনো সহজ বা নির্দিষ্ট ফর্মুলা নেই। নিম্ন আয় ও সুশাসনের অভাবের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা অনেক দেশের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় অবস্থানে আছে। সুশাসনের আন্তর্জাতিক নানা সূচকে আমাদের অবস্থান ভালো না হলেও দুই দশক ধরে গণতন্ত্র চালু আছে এবং এর সুফল হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ও সামাজিক উন্নয়নের নানা সূচকে অসাধারণ অগ্রগতি হয়েছে। এমনকি বাংলাদেশ এখন একটি ‘উন্নয়নের বিস্ময়’ বলে আখ্যায়িত হচ্ছে। সে কারণে গণতন্ত্রের কোনো বিপর্যয় হলে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অনেক বেশি কিছু হারানোর আছে। এ ছাড়া বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে একাধিকবার বিরোধী দলকে জয়ী করে ক্ষমতায় বসিয়েছে। এ কারণেই নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা সমতল ক্ষেত্র নিশ্চিত করার দাবি এত জোরালো হয়েছে। অথচ অনুন্নত গণতন্ত্রের দেশগুলোতে সাধারণত এটা ধরেই নেওয়া হয় যে নির্বাচন-প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতাসীন দল অনেক সুবিধাজনক অবস্থানে থাকবে।

আগামী নির্বাচন ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান অন্য দেশের উদাহরণ খুঁজে আমরা হুবহু পাব না, যদিও সেসব উদাহরণ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। নির্বাচনকালীন সরকার একদলীয়, সর্বদলীয় বা নির্দলীয় যেকোনো ধরনেরই হোক না কেন নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার মতো দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন হবে। আর সে পদক্ষেপগুলোর বিষয়ে গঠনমূলক চিন্তাভাবনা ও রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই।

ওয়াহিদউদ্দিন মাহমুদ: অর্থনীতিবিদ; সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা