সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনের ব্যাপারে মতপার্থক্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
নিউইয়র্ক থেকে ইউএননিউজ সেন্টার জানায়, গত বুধবার বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেন। টেলিফোনে আলাপের সময় বাংলাদেশে গত কয়েক মাস থেকে ব্যাপক সহিংসতার ফলে অসংখ্য লোকের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বান কি মুন।
‘নির্বাচন নিয়ে মতপার্থক্য দূর করতে বাংলাদেশের নেতাদের বানের আহ্বান’ শীর্ষক ইউএন নিউজ সেন্টারের সংবাদে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও ফোনে কথা বলেন বান কি মুন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গত বুধবার সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের কথা হয়। এ সময় আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে জাতিসংঘের সহকারী মহাসচিবকে বিশেষভাবে সহায়তা করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।