নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের কোনোই পরিবর্তন হয়নি। তবে দুই নেত্রীকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এলমহার্স্ট এলাকার একটি বিদ্যালয়ে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় এ কথা বলেন ড্যান মজীনা। এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মজীনা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে রাজনীতিচর্চায় সবার জন্য যেমন সমান সুযোগ সৃষ্টি করতে হবে, তেমনি সেই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গেই ব্যবহার করতে হবে। তিনি বলেন, মিয়ানমার ও চীনের বিবেচনায় ‘সহিংস উগ্রবাদের বিকল্প বাংলাদেশ’-এর আঞ্চলিক কৌশলগত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর বিশ্বাস, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের শান্তির ও গণতন্ত্রের দেশ হবে। বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হবে বাংলাদেশ। ‘গ্লোবাল ব্র্যান্ড’ হবে বাংলাদেশের পণ্য।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের আইনের কাছে দায়বদ্ধ হতে হবে। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে তাদের বিচার-প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রামীণ চ্যাপ্টার ইজ ক্লোজড’—বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এই মন্তব্যে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেস মেং জানান, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তিনি হাউসে একটি বিল এনেছেন।