নির্বাচনের মাঠে আ.লীগ বিএনপির ৫ বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

কুমিল্লার ছয়টি পৌরসভার সব কটিতেই নির্বাচন হচ্ছে। চারটিতে মাঠে রয়েছেন প্রধান দুই দলের পাঁচজন বিদ্রোহী মেয়র পদপ্রার্থী। এর মধ্যে চৌদ্দগ্রাম ও চান্দিনায় আওয়ামী লীগের দুজন এবং হোমনা ও দাউদকান্দিতে বিএনপির তিনজন। বরুড়া ও লাকসামে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
দলীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র মো. মিজানুর রহমান। এ পৌরসভায় দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী। ১১ ডিসেম্বর রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক তাঁকে ঢাকায় ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু মন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশ অমান্য করে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইমাম হোসেন।
এ ব্যাপারে ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আমার কর্মী ও পরিবারের সদস্যদের চাপে প্রার্থী হয়েছি। বহিষ্কার নিয়ে ভাবছি না। সুষ্ঠু নির্বাচন হলে ভালো ফল করব।’
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া বলেন, কেন্দ্র থেকেই ইমাম হোসেন পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ নন।
চান্দিনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী পৌর কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলে সদ্য যোগ দেওয়া সাবেক মেয়র আবদুল মান্নান সরকার।
চান্দিনা পৌর শাখা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এবং চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান সরকার চলতি বছরের ৯ জুলাই আওয়ামী লীগে যোগ দেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগদলীয় প্রবীণ সাংসদ এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আশরাফ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। পৌর নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার আশায় তিনি দলত্যাগ করেন বলে এলাকায় প্রচার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেকে মেয়র পদে তিনি মনোনয়ন পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে তাঁর অনুসারীরা মনে করছেন। এ ব্যাপারে আবদুল মান্নান সরকার বলেন, ‘প্রার্থী হয়েছি। নির্বাচন করছি। আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা কেউ বলেনি।’
চান্দিনার বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস বলেন, মান্নান আওয়ামী লীগের কোনো পদে নেই। তাঁকে নিয়ে দল ভাবছে না।
হোমনা পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আবদুল লতিফ। এ পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী দুজন। এঁরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর সরকার ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া। বিদ্রোহী এই দুই প্রার্থী বলেন, দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় তাঁরা নির্বাচন করছেন। যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দলের প্রাথমিক সদস্যও নন বলে জানান তাঁরা। তবে বিএনপির প্রার্থী আবদুল লতিফ বলেন, ‘দল বিদ্রোহীদের নিয়ে ভাববে।’
হোমনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
দাউদকান্দিতে বিএনপির মেয়র পদপ্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি কে এম আই খলিল। এখানে বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন সরকার। এ ব্যাপারে কে এম আই খলিল বলেন, ‘দলীয় প্রার্থী আমি। দলীয় প্রতীকও আমার। বিএনপির নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।’ বিদ্রোহী প্রার্থী নূরুল আমিন সরকার গতকাল দুপুরে বলেন, ‘আমি মাঠে আছি। আর বিএনপির প্রার্থী মাঠে নেই।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, দলের বিদ্রোহী তিন মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিঠি কেন্দ্র থেকে আসেনি। বিদ্রোহীদের নিয়ে কেউ আলোচনাও করেনি।