নির্বাচনের মাঠে তাঁরা দুজন
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থী হয়েছেন। তাহমিনা আক্তার নামের ওই নারী সম্প্রতি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সফিকুল ইসলামের স্ত্রী। সফিকুল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। প্রয়াত স্বামী সফিকুলের অসমাপ্ত কাজ শেষ করার জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন।অন্যদিকে একই উপজেলার কড়িকান্দি ইউপিতে রেখা বেগম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কুমিল্লা জেলার ১৬ উপজেলার ১৭৮টি ইউনিয়নের মধ্যে কেবল তাঁরা দুজনই নারী চেয়ারম্যান পদপ্রার্থী। এর মধ্যে তাহমিনার জয়ের সম্ভাবনা রয়েছে বলে তাঁর অনুসারীরা মনে করছেন। কাল শনিবার ওই উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন।জানা গেছে, তাহমিনা আক্তার উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এসএসসি পাস চেয়ারম্যান পদপ্রার্থী তাহমিনা বলেন, ‘আমার স্বামী সফিকুল ইসলাম এ ইউপিতে ১৯৯৮-২০০৩ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে তিনি দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এবারও তাঁর নির্বাচন করার কথা ছিল। কিন্তু গত ৩ এপ্রিল একটি গোষ্ঠী তাঁকে র্যাবের মাধ্যমে ক্রসফায়ারে মেরে ফেলে। তাঁর জনপ্রিয়তা দেখে ভীত হয়ে তারা ওই কাজ করে। আমার বিশ্বাস, জনগণ আমাকে ভোট দেবে। জয়ী হলে এলাকার নারীদের পাশে থাকব। তাঁদের খেদমত করব। রাস্তাঘাটের উন্নয়ন করব।’ ওই ইউনিয়নে তাহমিনাসহ পাঁচজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।তা ছাড়া একই উপজেলার কড়িকান্দি ইউনিয়নের গ্রাম পুলিশ দিলু মিয়ার স্ত্রী রেখা বেগম এবার চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সেখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১০ জন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। রেখা বেগম বলেন, মানুষ ভোট কেনা-বেচা করছে, আমার টাকা-পয়সা নেই। তাই ভোট কিনতে পারি না। তবুও আমি আশাবাদী, এলাকার ভোটাররা আমাকে ভোট দেবেন। নির্বাচিত হলে দুস্থ মহিলাদের জন্য কাজ করব।’ তবে রেখা ‘ডামি’ প্রার্থী হয়েছেন বলে এলাকায় প্রচার রয়েছে। অবশ্য এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন।কুমিল্লার নারীনেত্রী পাপড়ি বসু বলেন, ‘ওই দুই প্রার্থী পুরুষ প্রার্থীদের সঙ্গে লড়াই করছেন, এটা অনেক বড় ব্যাপার। আমরা তাঁদের অংশগ্রহণকে স্বাগত জানাই।’কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, তাঁদের প্রার্থিতা নারীর ক্ষমতায়নকে আরও পোক্ত করবে। ভবিষ্যতে তাঁদের দেখে অন্যরা নির্বাচনে আসবেন।