নির্বাচনের রূপরেখা সংসদে উপস্থাপন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কোনো রূপরেখা থাকলে তা সংসদে উপস্থাপন করুন।
গতকাল মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। ‘অন্তর্বর্তী সরকারের রূপরেখা’ অল্প সময়ের মধ্যে দেওয়া হবে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন ঘোষণার জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে আলোচনা বিএনপি-জামায়াতের কার্যালয়ে বা এর সামনে হতে পারে না। এ নিয়ে জাতীয় সংসদেই আলোচনা করতে হবে। কোনো রূপরেখা থাকলে জাতীয় সংসদে উপস্থাপন করুন। সংসদে আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
নানক আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচিত এ সরকারকে সরিয়ে দিয়ে অগণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তারা বারবার ব্যর্থ হয়েছে। অগণতান্ত্রিক কোনো সরকার দেশের মানুষ চায় না।
গতকাল দুপুরে রাজশাহী নগরের গোরহাঙ্গা মোড়ে শহীদ এ এইচ এম কামরুজ্জামানের কৃতিত্বের প্রতি সম্মানস্বরূপ ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মন্যুমেন্ট উদ্বোধন করেন নানক। এর আগে তিনি পাঠানপাড়া পদ্মা পাড়ে লালন শাহ পার্ক, সম্প্রসারিত হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ এবং ফায়ার ব্রিগেড থেকে নওদাপাড়া সংযোগ সড়ক উদ্বোধন করেন। এ ছাড়া তিনি জেলা পরিষদ মিলনায়তনসহ নগরের বেশ কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।