সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন এ অনুরোধ জানায়। একই সঙ্গে তারা নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এ সময় কমিশনের পক্ষ থেকে ৯ ও ১৬ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, সংসদ বহাল রেখে নির্বাচন করা হলে এবং বর্তমান সংসদের মেয়াদ শেষের আগেই নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হলে যে আইনি সমস্যা তৈরি হতে পারে, বৈঠকে সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তবে এসব বিষয়ে রাষ্ট্রপতি কোনো মতামত দেননি।
সাক্ষাতে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং নির্বাচনের বিভিন্ন আইনি সীমাবদ্ধতার বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরে। রাষ্ট্রপতির পক্ষ থেকে কমিশনকে নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
গতকাল বিকেল চারটার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ জন্য সিইসি ও তিন কমিশনার বেলা তিনটার পর কমিশন কার্যালয় ছেড়ে বের হন। সাক্ষাৎ শেষে বিকেল পাঁচটার দিকে তাঁরা রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবন থেকে
বের হন।
সাক্ষাৎ শেষে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা প্রস্তুত। আমরা সেই বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছি। রাষ্ট্রপতিকে এটাও বলেছি, আমরা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি যেন তাঁর পক্ষ থেকে এই প্রচেষ্টা অব্যাহত রাখেন।’
সিইসি আরও বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হবে। কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানতে চাইলে সিইসি বলেন, যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।
একই বিষয়ে রাতে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, কমিশন নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের গুরুত্ব এবং নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে কমিশনের পক্ষ থেকে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরা হয়। যদিও বর্তমান সরকার ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেয়। বর্তমান কমিশন এখন নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন চাইলেও সম্প্রতি আরপিও সংশোধনের আগে তাদের প্রস্তাবে সশস্ত্র বাহিনীকে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেনি।